বরগুনায় ভোরে স্কুলে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলতে দেখে ফিরে যেতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। সোমবার গভীর রাতে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে একাধিক সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনা ঘটেছে।
এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার্থীরা। অনেক স্কুলে বর্তমানে টেস্ট পরীক্ষা চলমান থাকায় তালা দেওয়ার কারণে সকালে শিক্ষা কার্যক্রম শুরু করতে বেগ পেতে হয়।
জানা গেছে, বরগুনা সরকারি জেলা স্কুল ও বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার অন্তত অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়া হয়েছে।
বেতাগী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা কার্যালয়, বেতাগী সরকারি কলেজ, বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ফটকে তালা পাওয়া যায়।
বরগুনায় শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা

এছাড়া বামনা উপজেলার রামনা শের-ই-বাংলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও পাথরঘাটা সরকারি কলেজসহ পাথরঘাটা, আমতলী ও তালতলীর বিভিন্ন প্রতিষ্ঠানেও একই ঘটনা ঘটেছে। সব মিলিয়ে জেলায় প্রায় ৩০টি সরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়ার খবর পাওয়া গেছে।
এই ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। অভিযোগ রয়েছে, তারা তালা দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রাখা উচিত। তারা দ্রুত স্কুল-কলেজের তালা খুলে পরীক্ষা নির্বিঘ্নে শেষ করার ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সকালে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অনেক প্রতিষ্ঠানের তালা খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
Source - www.bd24live.com ↗