Bangladesh · 2026-11-10 13:16:28

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা তারা মিয়া আটক

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা তারা মিয়া আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দলীয় সভা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে রনজিত সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই সভার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। সভায় সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।

ভিডিওতে দেখা যায়, সভাস্থলে শামিয়ানা টানানো এবং সামনে টেবিল রয়েছে। পেছনে একটি ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা’। আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাম উল্লেখ ছিল। ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে ব্যানার ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ৫ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে রনজিত সরকারকে ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে দেখা গেছে।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, রনজিত সরকারের সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সুযোগ নেই। তার ধারণা, সিলেট সীমান্তের কোনো স্থানে লোকজন জড়ো করে সভাটি করা হয়েছে। অন্যদিকে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক দাবি করেছেন, সভাটি সিলেট সীমান্তে হয়নি, হয়েছে সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো স্থানে। তবে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানিয়েছেন, তাদের অনুসন্ধানে ওই সীমান্তে এমন কোনো সভার তথ্য পাওয়া যায়নি।

Source - www.bd24live.com ↗