সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়ায় কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে আগ্রহী হলে তাঁকে ফেরানোর ক্ষেত্রে আইনি বাধা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা পাসপোর্টের জন্য এখনো কোনো আবেদন করেননি জানিয়ে উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার এর আগে জানিয়েছেন, একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি।
শেখ হাসিনাকে ফেরানোর আইনি জটিলতা দেখি না: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়ার আইনি জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ভারতে একাধিকবার ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আইনি জটিলতার কথা বলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সরকারের অবস্থান ভিন্ন।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ শুধু সাধারণ হত্যাকাণ্ডের নয়, বরং মানবতাবিরোধী অপরাধের। একশ বা পাঁচশটি হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধ এক বিষয় নয়। এ দুটির পার্থক্য বোঝা প্রয়োজন।
উপদেষ্টা বলেন, প্রত্যর্পণের ক্ষেত্রে কোনো আইনি বিষয় থাকলে সেটি আদালতে যাওয়ার পর প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হতে পারে। কিন্তু শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফিরতে চাইলে সেই আইনি জটিলতা থাকার কথা নয় বলে তিনি মনে করেন।
জাহেদ উর রহমান বলেন, ‘উনি তো নিজেই আসতে চান। তার মানে উনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বললেন, আমাকে এক্সট্রাডাইট করে দাও। উনার তো এসেই এটা ফেস করার কথা ছিল। সো, এক্সট্রাডিশন নিয়ে যে আইনি প্রসেসের কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’
সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মৌলিক অধিকারের ক্ষেত্রে সংবিধানে বিশেষ বিধান রয়েছে।
তিনি আরও বলেন, সরকার মনে করে, দণ্ডিত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সহযোগিতা করা উচিত। যাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে, তিনিই দেশে ফিরতে চাইলে ভারতের পক্ষ থেকে আপত্তির কারণ থাকার কথা নয় বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। কোনো অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে এবং তাঁর অবস্থান সম্পর্কে তথ্য থাকলে চুক্তি অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানোর সুযোগ রয়েছে।
শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে একাধিকবার যোগাযোগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার আনুষ্ঠানিক চ্যানেলে তাঁকে ফেরত চেয়েছে। এ বিষয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে সরকার শুধু ফলাফল নয়, প্রক্রিয়াকেও গুরুত্ব দিচ্ছে বলে জানান জাহেদ উর রহমান। তাঁর ভাষ্য, একজন দণ্ডিত আসামির কারাগারে থাকার কথা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথা। কিন্তু তিনি বিদেশে অবস্থান করছেন। তাই তাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রচলিত প্রক্রিয়াই অনুসরণ করতে চায়।
Source - www.bd24live.com ↗