Bangladesh · 2026-11-10 15:45:05

নীলফামারীতে মাদকবিরোধী শপথ নিয়েছে ৪ শতাধিক শিক্ষার্থী

নীলফামারীতে মাদকবিরোধী শপথ নিয়েছে ৪ শতাধিক শিক্ষার্থী
মাদককে না বলে মাদক বিরোধী শপথ নিয়েছে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা হাত তুলে মাদককে না বলেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত মাদকের অপব্যবহার রোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণে আলোচনা সভায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী এ শপথ নেয়। ‎কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুকুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভাটি হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী। ‎

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী বলেন, আসুন আমরা সবাই শপথ নেই ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’। আমরা সকলেই মাদককে না বলি। এ সময় উপস্থিত শিক্ষার্থীসহ সবাই হাত উঁচিয়ে মাদকের বিরুদ্ধে এ শপথ নেয়। ‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ। এ ছাড়া বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার এস আই আহসানুল আমিন, সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুছ প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম, গীতা পাঠ করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী। পরে আলোচনা সভা শুরু হয়।

‎

Source - www.bd24live.com ↗