ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে অনুষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণস্থলের পাশেই একজন নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন। বেলা ১টা থেকে ২টার মধ্যে পাশের গাড়িটির চালক দুপুরের খাবার শেষে দরজা খুলতে গেলে হঠাৎ গাড়িটিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চালক গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অন্য একটি সূত্র জানায়, বেলা ১টা থেকে ২টার মধ্যে সেখানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। তবে ককটেলগুলো ভবনের ওপরের দিক থেকে ছোড়া হয়েছে বলে দাবি করেছেন অনেকে।
ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, আহত ২

বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া যাচ্ছে। পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টার অংশ হিসেবে পাসপোর্টের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সহিংসতার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
Source - www.bd24live.com ↗