Bangladesh · 2026-11-10 15:11:47

রাজশাহীতে হোমিও চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

রাজশাহীতে হোমিও চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পেট্রোল পাম্পের পাশে নিউ লাইফ হোমিও হল। সকাল থেকেই প্রতিষ্ঠানটির সামনে রোগীদের দীর্ঘ লাইন। শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী মানুষ আসছেন চিকিৎসা নিতে। তবে অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানের সাইনবোর্ডে চিকিৎসক হিসেবে ব্যবহার করা হচ্ছে দীপিকা রানী মন্ডলের নাম। অথচ চেম্বারের ভেতরে রোগী দেখছেন তাঁর বাবা রমেশ কুমার মন্ডল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেয়ের নাম ব্যবহার করে পরিচালিত এই চেম্বারে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া ও ওষুধ সরবরাহ করছেন রমেশ কুমার মন্ডল। তাঁর চিকিৎসা দেওয়ার প্রাতিষ্ঠানিক যোগ্যতা নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন।

এ বিষয়ে জানতে চাইলে গোপন ক্যামেরায় ধারণ করা কথোপকথনে রমেশ কুমার মন্ডল নিজেই স্বীকার করেন, হোমিওপ্যাথিতে তাঁর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা নেই। কেবল অভিজ্ঞতার ভিত্তিতেই রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন বলে দাবি করেন তিনি।

অথচ প্রতিদিন এই চেম্বারে চিকিৎসা নিতে আসেন অসংখ্য রোগী। তাঁদের মধ্যে রয়েছেন শিশু ও বয়স্করাও। ফলে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধন ছাড়া চিকিৎসা দেওয়ার কারণে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

অনুসন্ধানী প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদেরও বাধার মুখে পড়তে হয়। অভিযোগ রয়েছে, নিজের বিরুদ্ধে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে রমেশ কুমার মন্ডল ও তাঁর সহযোগীরা সাংবাদিকদের সঙ্গে উগ্র আচরণ করেন। একপর্যায়ে সাংবাদিকদের ঘিরে ধরে হেনস্তা ও মব সৃষ্টির চেষ্টাও করা হয়।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও স্বীকৃত যোগ্যতা ছাড়া চিকিৎসা দেওয়া রোগীদের জন্য বিপজ্জনক। ভুল রোগ নির্ণয় ও যথাযথ চিকিৎসার অভাবে রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই প্রতিষ্ঠানে চিকিৎসার কার্যক্রম চলছে। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রতিষ্ঠানের বৈধতা এবং চিকিৎসকের যোগ্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন তাঁরা।

চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই জানান, সাইনবোর্ডে এক ব্যক্তির নাম দেখেই তাঁরা চিকিৎসা নিতে এসেছেন। কিন্তু চেম্বারে গিয়ে অন্য ব্যক্তিকে চিকিৎসা দিতে দেখেছেন। বিষয়টি তাঁদের মধ্যেও প্রশ্ন তৈরি করেছে।

এ বিষয়ে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

মেয়ের নাম ব্যবহার করে চিকিৎসার অভিযোগ, চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন এবং সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ—সব মিলিয়ে নিউ লাইফ হোমিও হলকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Source - www.bd24live.com ↗