Bangladesh · 2026-11-10 15:11:07

শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তাও জানি না: নুর

শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তাও জানি না: নুর
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে বক্তব্য দিচ্ছেন বলে প্রচারিত হলেও সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নাকি বাস্তব, তা নিশ্চিত নন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এমনকি শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সেটিও তাঁরা জানেন না বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নুরুল হক নুর বলেন, ‘পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন—এটা কী এআই নাকি বাস্তব, আমরা কিন্তু জানি না। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তাও জানি না।’

ডিসেম্বরে আওয়ামী লীগ দেশে ফিরবে—এমন বক্তব্যকে হাস্যকর ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে এবং রাজপথে সক্রিয় থেকে প্রতিবাদ জানালে এ ধরনের আস্ফালন বন্ধ হয়ে যাবে।

বাসে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।

বিরোধী দলের প্রতি অহেতুক সরকারের বিরোধিতা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখেন, আমরা আশা করব রাজপথেও এমন ভূমিকা পালন করবেন।’

এ সময় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাঁরা শুনছেন, স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। এমনটি সত্য হলে তা রাজনৈতিকভাবে বিপজ্জনক হবে।

তিনি বলেন, ‘এটা যদি সত্য হয়, তাহলে খাল কেটে কুমির আনা হবে।’

Source - www.bd24live.com ↗