Bangladesh · 2026-11-10 16:31:16

সহিংসতা ঠেকাতে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে: জামায়াত

সহিংসতা ঠেকাতে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে: জামায়াত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা এবং একধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের সহিংসতা চালানো সম্ভব নয়। এসব ঘটনার দায় সরকার এড়াতে পারে না।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে এসব অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছেন। অথচ সরকার এসব কর্মকাণ্ড দমনে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।
কয়েক দিনে দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, গণপরিবহনসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে অবরোধ–ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা–অগ্নিসংযোগ, ফরিদপুরে বাসে আগুনে চালকের মৃত্যুর ঘটনাকে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের ঘটনার সঙ্গে তুলনা করেন জামায়াতের এই নেতা।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান ও রাষ্ট্রকাঠামোয় সংস্কার না করায় পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ধরনের কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাঁরা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সমালোচনা করছেন। এ ছাড়া পরামর্শও দিচ্ছেন। কিন্তু সরকার তাতে কর্ণপাত করছে না। বরং দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে সরকার।
সরকারকে অবিলম্বে সহিংসতা দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান ও রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আনতে হবে। অন্যথায় জনগণের দাবি আদায়ে জামায়াত নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে। সরকারের জন্য তা উভয়সংকট তৈরি করবে।
সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান গোলাম পরওয়ার।

Source - www.prothomalo.com ↗