Bangladesh · 2026-11-10 16:03:38

হাতকড়া খুলে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি

হাতকড়া খুলে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি
ঢাকার আদালতের কাঠগড়া থেকে পালিয়েছেন হত্যা মামলার এক আসামি। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১–এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান আসামি মো. কাউসার মিয়া।
দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আসামি কাউসারের পালানোর বিষয়টি জানা যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এডিসি নাসির আহম্মেদ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এডিসি নাসির আহম্মেদ প্রথম আলোকে বলেন, আসামি কাউসারকে কাঠগড়ায় আনা হয়। কিন্তু হত্যা মামলাটির সাক্ষী না আসায় আজ শুনানি হয়নি। কাউসারকে কাঠগড়ায় রাখা হয়েছিল হাতকড়া পরিয়ে। তিনি হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান।
মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা প্রথম আলোকে বলেন, কাউসারের বাড়ি নেত্রকোনায়। বাবার নাম রুকু মিয়া। ঢাকার দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি কাউসার। এ মামলার বিচার চলছে। আজ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ জন্য তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।
ঘটনার বিষয়ে রিপন মোল্লার ভাষ্য, আসামিকে সকালে কারাগার থেকে আদালতের হাজতখানায় এনে রাখা হয়। পরে তাঁকে আদালতে তোলা হয়। হাজতখানা থেকে নেওয়ার সময় তাঁর হাতে হাতকড়া ছিল। তাঁকে আদালতে আনা ও পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। একপর্যায়ে আসামি হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান।

Source - www.prothomalo.com ↗