Bangladesh · 2026-11-10 15:58:05

পুলিশের গাড়ি ভাঙচুর, ছিনিয়ে নেওয়া হলো হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে

পুলিশের গাড়ি ভাঙচুর, ছিনিয়ে নেওয়া হলো হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতকড়া পরা এক নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। গতকাল সোমবার রাতে উপজেলার হরিপুরের করিচের পুল এলাকায় এ ঘটনা ঘটে।
পরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
ওই আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার নাম জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি হরিপুর এলাকার হেমু হাউদপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, জাকারিয়া মাহমুদকে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জৈন্তাপুরের হরিপুর বাজারের স্টেশন এলাকা থেকে আটক করে পুলিশ। তাঁকে থানায় নেওয়ার পথে বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিলেট-তামাবিল মহাসড়কের করিচের পুল এলাকায় কয়েকজন একটি পিকআপ দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করেন। এ সময় তাঁরা পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়া পরা অবস্থায় জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যান।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, জাকারিয়ার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে। গতকাল রাতে আটক করা হয়। থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি আটকে গ্রেপ্তার ব্যক্তিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
ওসি মাহবুবুর রহমান মোল্লা আরও বলেন, জাকারিয়া এবং তাঁকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Source - www.prothomalo.com ↗