রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতর নাম জায়েদ হোসাইন ওরফে জাহিন (১৯)। তিনি পাংশা উপজেলা ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কসবামাজাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত জায়েদ হোসাইন ওরফে জাহিন পাংশা উপজেলার কসবামাজাইল গ্রামের শেখ মো. জাকারিয়া জাকিরের ছেলে।
পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাংশা থানায় ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জায়েদ হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন প্রচারণা, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তাঁকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Source - www.bd24live.com ↗