বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন ভূমিকায় দেখা যাবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বুলবুলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি।
নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের অগ্রগতি, আধুনিক কোচিং পদ্ধতি প্রণয়ন এবং তরুণ ক্রিকেটারদের ধাপে ধাপে মূলধারার ক্রিকেটে তুলে আনার পরিকল্পনা তৈরিতে কাজ করবেন।
বুলবুলের আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ের ক্রিকেটের ভিত্তি আরও সুসংগঠিত করতে চায় লাহোর কালান্দার্স। পাশাপাশি বাংলাদেশে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবেও তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি প্রধান

আমিনুল ইসলাম বুলবুল ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া বিসিবির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
Source - www.bd24live.com ↗