ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরানোর রাজনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রার্থী বাছাইয়ে সমঝোতায় পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। সমঝোতা অনুযায়ী, নেসেটের পরবর্তী স্পিকার পদে সাবেক মন্ত্রী মাতান কাহানাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদোর লিবারম্যানকে দায়িত্ব দেওয়ার বিষয়ে একমত হয়েছেন বিরোধী নেতারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। *টাইমস অব ইসরায়েল*–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট, আভিগদোর লিবারম্যান, টুগেদার জোটের নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান এবং বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদের মধ্যে এ সমঝোতা হয়েছে।
কয়েক দিনের আলোচনার পর আইজেনকোটের ইয়াশার পার্টির তালিকায় পঞ্চম স্থানে থাকা মাতান কাহানাকে স্পিকার পদের জন্য মনোনীত করা হয়। একই সঙ্গে টুগেদার জোটের নবনির্বাচিত সংসদ সদস্য লিরান আভিশার বেন হোরিনকে অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়েছে। বিরোধীদের বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই পার্লামেন্টের বিভিন্ন কমিটির গঠন চূড়ান্ত করা হবে। প্রস্তাবগুলো অনুমোদনের জন্য বুধবার নেসেটে তোলার কথা রয়েছে।
নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের সমঝোতা, নেসেটের স্পিকার হচ্ছেন মাতান কাহানা

ইসরায়েলের ২৬তম নেসেটের সদস্যদের শপথ গ্রহণের আগে এ সমঝোতা হলো। বিরোধীদের পরিকল্পনা, বর্তমান স্পিকার ও নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতা আমির ওহানাকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হবে মাতান কাহানাকে।
তবে স্পিকার পরিবর্তনের ক্ষেত্রে বিরোধীদের সামনে বড় বাধা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা। আমির ওহানা জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে নতুন স্পিকার নির্বাচনের দাবি জানালে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিতর্কের আয়োজন করবেন তিনি।
বর্তমানে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোটের হাতে নেসেটের ১২০টি আসনের মধ্যে ৪৮টি রয়েছে। স্পিকার পরিবর্তনের প্রস্তাব পাস করতে অন্তত ৬১ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।
এর আগে গত রবিবার ৬৭ জন সংসদ সদস্যের সমর্থন পাওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছিলেন ৪৬ জন সংসদ সদস্য।
সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রেসিডেন্টের অনুমোদন নিয়ে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যাবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
Source - www.bd24live.com ↗