Bangladesh · 2026-11-10 18:37:47

টেকনাফে জোড়া খুনের মামলার দুই আসামিকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার

টেকনাফে জোড়া খুনের মামলার দুই আসামিকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে জোড়া খুনের মামলার এজাহারভুক্ত দুই আসামিকে চট্টগ্রাম নগর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার (৯ নভেম্বর) বিকেলে নগরের চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো— মামলার ২ নম্বর আসামি মিজানুর রহমান (২৭) ও ৪ নম্বর আসামি আব্দুল মোনাফ (২৭)। এসআরবি-১৫ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল তাঁদের গ্রেপ্তার করে।

এসআরবি সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মো. মোক্তার কামাল (৩৯) ও মো. আকবর (২৩) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে টেকনাফ থানায় হত্যা মামলা করা হয়। মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যান।

এরপর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি। একপর্যায়ে গোপন তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম নগরের পশ্চিম ফরিদাপাড়া এলাকায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়।

গতকাল সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটে ওই এলাকার এমএএস টেলিকম দোকানের সামনে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাত্র ১০ মিনিটের ব্যবধানে একই এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আব্দুল মোনাফকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

Source - www.bd24live.com ↗