Bangladesh · 2026-11-10 18:36:51

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যসংকটের শঙ্কা

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যসংকটের শঙ্কা
অত্যন্ত শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা দেখা দিয়েছে। কোথাও ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা, কোথাও আবার খরা ও পানির সংকটের পূর্বাভাস দেওয়া হচ্ছে। এতে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে ২০২৬ সাল রেকর্ড করা দ্বিতীয় উষ্ণতম বছর হতে পারে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস।

সংস্থাটির ৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা রেকর্ডের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। অক্টোবর ছিল ইতিহাসের উষ্ণতম অক্টোবর। ওই মাসে বৈশ্বিক ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১ থেকে ২০২০ সালের অক্টোবরের গড়ের চেয়ে শূন্য দশমিক ৯০ ডিগ্রি বেশি।

কোপার্নিকাসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সাল দ্বিতীয় উষ্ণতম বছর হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। তবে ২০২৪ সালের রেকর্ড ছাড়িয়ে বা তার সমান উষ্ণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। সংস্থাটির জলবায়ুবিষয়ক কৌশলগত প্রধান সামান্থা বার্গেস বলেছেন, মানব কর্মকাণ্ডের কারণে আগে থেকেই উষ্ণ হয়ে ওঠা জলবায়ুতে অত্যন্ত শক্তিশালী এল নিনো আরও তাপ যোগ করছে।

এল নিনো প্রাকৃতিক জলবায়ু চক্রের একটি উষ্ণ পর্যায়। এ সময় গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও তাপমাত্রার স্বাভাবিক ধরনে পরিবর্তন আসে। কোনো অঞ্চলে খরা দেখা দিতে পারে, আবার কোথাও বাড়তে পারে ভারী বৃষ্টি ও বন্যার ঝুঁকি। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলমান এল নিনোর প্রভাব ২০২৭ সালেও অব্যাহত থাকতে পারে এবং বছরটি বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এল নিনোর প্রভাবে বন্যার আশঙ্কায় পেরুর বিস্তীর্ণ এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। গত ৩ নভেম্বর জারি করা সরকারি আদেশে দেশটির বিভিন্ন অঞ্চলের ঝুঁকিপূর্ণ জেলাগুলোকে জরুরি অবস্থার আওতায় আনা হয়। এর আগে একই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বলিভিয়াও জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে।

এল নিনোর সময় লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে পেরুর উত্তরাঞ্চলীয় তুম্বেস ও পিউরা অঞ্চলের বিভিন্ন এলাকা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে। কর্তৃপক্ষের হিসাবে, দেশটির ৯০ লাখের বেশি মানুষ—মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ—বন্যা ও ভূমিধসের উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

এদিকে এশিয়ার কয়েকটি অঞ্চলে এল নিনোর প্রভাবে খরা দেখা দেওয়ার আশঙ্কায় জলবিদ্যুৎ উৎপাদন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাত কমে গেলে জলবিদ্যুৎকেন্দ্রগুলোর জলাধারে পানির সংকট দেখা দিতে পারে।

তবে আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করেছে শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান। এল নিনোর প্রভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং জলবিদ্যুৎ জলাধারগুলোতে পর্যাপ্ত পানির মজুত থাকায় প্রতিষ্ঠানটি ২০২৬ সালের শেষ তিন মাসের জন্য প্রস্তাবিত মূল্যবৃদ্ধি আর চাইছে না।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের প্রথমার্ধে দেশটিতে তীব্র খরা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে বেশি ব্যয়বহুল ও পরিবেশদূষণকারী তাপবিদ্যুতের ওপর নির্ভরতা বাড়াতে হতে পারে। বর্তমানে শ্রীলঙ্কার মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৭০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ করা হয়। এর মধ্যে প্রধানত জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ রয়েছে। বাকি চাহিদা পূরণ হয় কয়লা ও ডিজেল থেকে।

অন্যদিকে এল নিনোর প্রভাব মোকাবিলায় কৃষি খাতের জন্য ৯৮ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে ফিলিপাইন। দেশটির কৃষি উৎপাদনে জলবায়ুজনিত ঝুঁকি কমাতে ‘এল নিনো মোকাবিলা পরিকল্পনা’র আওতায় এ অর্থ ব্যয় করা হবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ফিলিপাইনের মোট দেশজ উৎপাদনের প্রায় ৮ শতাংশ আসে কৃষি খাত থেকে। এ খাতে কর্মসংস্থান হয়েছে দেশটির প্রতি চারজন মানুষের একজনের। দেশটির কৃষি বিভাগ জানিয়েছে, এল নিনো এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় গত জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে ধান উৎপাদন ১৮ শতাংশ কমেছে। এ ছাড়া নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম থেকে অনেক কম বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এল নিনোর কারণে কোথাও অতিবৃষ্টি, কোথাও খরা—দুই পরিস্থিতিই কৃষি উৎপাদন ব্যাহত করতে পারে। বন্যায় ফসল ও খাদ্য মজুত নষ্ট হওয়ার পাশাপাশি যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে বাজারে খাদ্য সরবরাহেও সমস্যা তৈরি হতে পারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো সতর্ক করে বলেছেন, ফসল ঘরে তোলার আগেই খাদ্যের দামের ওপর এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্যের দাম সামান্য বাড়লেও তা বড় সংকট তৈরি করতে পারে।

সূত্র - এএফপি

Source - www.bd24live.com ↗