Bangladesh · 2026-11-10 18:32:01

চুয়াডাঙ্গায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতিকালে সাত আওয়ামী লীগ নেতা আটক

চুয়াডাঙ্গায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতিকালে সাত আওয়ামী লীগ নেতা আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি চলাকালে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতির অভিযোগে জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলুসহ সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ঈদগাহ বাজারসংলগ্ন মিনারুলের কাঁচামালের আড়ত থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—হাটবোয়ালিয়া গ্রামের মৃত সুলতান বিশ্বাসের ছেলে জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু, ভাংবাড়ীয়া গ্রামের মৃত ইকতার মন্ডলের ছেলে রেজাউল করিম, একই গ্রামের আবু উদ্দিনের ছেলে আসমত উল্লাহ মোল্লা সুজন মেম্বার, মৃত ইছাহাক প্রামাণিকের ছেলে আমারত আলী, মোসলেম মোল্লার ছেলে মিনারুল, আততাব আলীর ছেলে লালু এবং ভোগাইল বগাদী গ্রামের মৃত মিয়াউদ্দিন মন্ডলের ছেলে আজিজুল হক।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি পালনের সময় ওই স্থানে নেতাকর্মীরা নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Source - www.bd24live.com ↗