চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রিসোর্ট নির্মাণের জন্য পাহাড় কাটার দায়ে মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রয়োজনীয় অনুমতি ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাহাড় কাটার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার সকালে শুনানি ও সরেজমিন পরিদর্শনের পর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন এ জরিমানা করেন। মীর গ্রুপের চেয়ারম্যান মো. আবদুস সালাম খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি।
সম্প্রতি সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য পাহাড় কাটার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পরিবেশ অধিদপ্তর মীর গ্রুপের প্রতিনিধিদের তলব করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাথমিক পরিদর্শনে প্রায় ১ হাজার ৭৫০ ঘনফুট মাটি কেটে সরানোর প্রমাণ পাওয়া গেছে।
সীতাকুণ্ডে পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ: মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের আদেশে বলা হয়, অনুমতি ছাড়া পাহাড় কেটে পরিবেশের ক্ষতিসাধন করা হয়েছে। এছাড়া পরিবেশগত ছাড়পত্র ছাড়াই রিসোর্ট নির্মাণের কাজ চালানো হয়েছে, যা সংশ্লিষ্ট আইনের লঙ্ঘন।
শুনানিতে মীর গ্রুপের পক্ষে অংশ নেওয়া প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের প্রধান মোখতার হোসেন টিটু জানান, তারা অধিদপ্তরের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। তবে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে পাহাড় কাটার পুনরাবৃত্তি ঘটলে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, জরিমানার ২৫ শতাংশ অর্থ জমা দিয়ে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।
উল্লেখ্য, পাহাড় কাটার ঘটনায় মীর গ্রুপের বিরুদ্ধে এটি দ্বিতীয়বারের মতো জরিমানার ঘটনা। এর আগে গত ৫ সেপ্টেম্বর পাহাড়সংলগ্ন মীর গ্রুপের মালিকানাধীন ইটভাটা ‘মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজ’কে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়া ২০১৬ সালে চট্টগ্রামের খাতুনগঞ্জে চিনি নিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মীর গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালামকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
Source - www.bd24live.com ↗