Bangladesh · 2026-11-10 18:33:41

হত্যা মামলা রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার করা হবে: সংসদে আইনমন্ত্রী

হত্যা মামলা রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার করা হবে: সংসদে আইনমন্ত্রী
বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় হওয়া ধর্ষণ মামলা বাদে হত্যাসহ যেকোনো মামলা রাজনৈতিক প্রকৃতির হলে তা প্রত্যাহার করা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। যাঁদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে, তাঁদের নির্ধারিত ছকে মামলা প্রত্যাহারের আবেদন করারও আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যখন মামলা হয় তখন কোনো মামলায় গায়ে ‘রাজনৈতিক মামলা’ লেখা থাকে না। এ কারণে প্রত্যেক ভুক্তভোগী রাজনৈতিক নেতা–কর্মী যাঁদের নামে মামলা আছে, তাঁদের মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। সেটা করা হলে যথাযথ প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করা হবে।
ফারুকের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় এমপি সাহেবেরও যদি মামলা থাকে, আমি উনাকে অনুরোধ করব অতি দ্রুত আপনি দরখাস্ত করতে পারেন, আমরা সে মামলা প্রত্যাহার করে নেব।’
আইনমন্ত্রী বলেন, ‘যাদের বিরুদ্ধে এখন মামলা আছে—শুধুমাত্র রেপ কেস (ধর্ষণ মামলা) বাদে, অন্য যেকোনো ধরনের মামলা, হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক ন্যাচারের (প্রকৃতির) হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব। তো এখানে ইফ্স অ্যান্ড বাট্সের সুযোগ নাই।’
রাজনৈতিক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া তুলে ধরে আইনমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো কোনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি। কোনো অনুকম্পা না নিয়ে আদালতের মাধ্যমে তাঁদের মামলাগুলো নিষ্পত্তি করা হয়েছে।
এর আগে জয়নুল আবদিন ফারুক তাঁর সম্পূরক প্রশ্নে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ৮৬টি মামলা করা হয়েছিল। এই সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ থাকাকালে তাঁর বিরুদ্ধে একই দিনে দেশের ৬৪টি জেলায় মামলা করা হয়েছিল। এসব মামলা প্রত্যাহার হয়নি। তিনি মামলা প্রত্যাহারের বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপন করার দাবি করেন।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা বিবেচনা করে প্রত্যাহারের সুপারিশ করে।
জেলা কমিটিসমূহের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে তাঁকে (আইনমন্ত্রী) আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। মামলা প্রত্যাহারের আবেদন প্রাপ্তি এবং সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Source - www.prothomalo.com ↗