কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর থেকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, চিকিৎসা শেষে এক ব্যক্তি ঢাকা থেকে বরিশালগামী ‘এমভি এম খান-৭’ লঞ্চে করে নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন। যাত্রাপথে রাত ২টার দিকে লঞ্চটি চাঁদপুরের লালপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এ অবস্থায় লঞ্চের সুপারভাইজার দ্রুত কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহযোগিতা চান। খবর পাওয়ার পর কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে কোস্ট গার্ডের একটি বোটে করে ওই যাত্রীকে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়।
লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানো হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জনসাধারণের সেবায় কোস্ট গার্ড সবসময় নিয়োজিত রয়েছে। মানুষের প্রয়োজনে জরুরি সহায়তা দেওয়ার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
The post লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗