জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হামলার সময় তাঁর সঙ্গে এক নারীকে দেখা যায়। ওই নারীকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এর মধ্যে শ্রীমঙ্গলের যে রিসোর্টে হাসিব অবস্থান করছিলেন, সেখানকার ম্যানেজার জানিয়েছেন, ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে রিসোর্টে উঠেছিলেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের পথে হাসিবের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি এক নারীকে সঙ্গে নিয়ে অটোরিকশায় কোথাও যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা অটোরিকশাটির গতিরোধ করে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যান তিনি।
নারীকে স্ত্রী পরিচয়ে নিয়ে রিসোর্টে উঠেছিলেন হাসিব

জানা গেছে, গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার তাঁর রিসোর্ট ছাড়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই সকালে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন জানান, এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে রিসোর্টে উঠেছিলেন হাসিব। তাঁরা রিসোর্টের ১১৮ নম্বর কক্ষের ‘অগ্নিবীণা’তে অবস্থান করছিলেন। হামলার পর থেকে আত্মরক্ষার জন্য হাসিব আত্মগোপনে রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে ঢাবি ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান হাসিবের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনি আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
Source - www.bd24live.com ↗