Bangladesh · 2026-11-10 20:37:16

আর্জেন্টিনার জার্সি ছেড়ে জন্মভূমির ডাকে কিকি রামোস

আর্জেন্টিনার জার্সি ছেড়ে জন্মভূমির ডাকে কিকি রামোস
একটি শিশুর জীবনে ফুটবল কীভাবে আসে? কারও জীবনে আসে বাবার হাত ধরে, কারও জীবনে পাড়ার মাঠ থেকে। কেউ আবার টেলিভিশনে মেসি-ম্যারাডোনাকে দেখে ফুটবলের প্রেমে পড়ে। স্টেফান অস্কার ‘কিকি’ রামোসের জীবনে ফুটবল এসেছে আরও অনেক পথ ঘুরে। এসেছে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ধ্বংসস্তূপ পেরিয়ে।
২০১০ সালের ১২ জানুয়ারি। হাইতির মাটি কেঁপে উঠেছিল ৭ মাত্রার ভূমিকম্পে। প্রাণ হারিয়েছিলেন দুই লাখের বেশি মানুষ। রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। শহরজুড়ে তখন ধ্বংসস্তূপ, স্বজন হারানোর কান্না, বেঁচে থাকার লড়াই। সেই বিপর্যয়ের সময় একটি অনাথ আশ্রমে বেঁচে যাওয়া শিশুদের একজন ছিলেন কিকি রামোস। বয়স তখন মাত্র ৮-৯ মাস। ভাগ্যের কী অদ্ভুত খেলা! ভূমিকম্পের আগেই একটি আর্জেন্টাইন পরিবার তাঁকে দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। বিপর্যয়ের মধ্যেও কাগজপত্র অক্ষত ছিল। ফলে নতুন জীবনের দরজা খুলে যায় শিশুটির সামনে। হাইতির পোর্ট-অ-প্রিন্স থেকে তাঁর ঠিকানা হয় আর্জেন্টিনা।
আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেলেছেন রামোসএরপর গল্পটা যেন আর পাঁচজন আর্জেন্টাইন ছেলের মতোই। ছয় বছর বয়সে ভর্তি হন ভেলেজ সার্সফিল্ডের বয়সভিত্তিক দলে। বল পায়ে স্বপ্ন দেখতে শুরু করেন। ধীরে ধীরে উঠে আসেন বয়সভিত্তিক ফুটবলের সিঁড়ি বেয়ে। সেই ছেলেটিই এখন আলোচনায়।
১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেখানে আর্জেন্টিনার হয়ে নয়, কিকি রামোস খেলবেন হাইতির হয়ে। জন্মভূমির ডাকে সাড়া দিয়েছেন রামোস। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে প্রীতি ম্যাচ খেললেও শেষ পর্যন্ত বেছে নিয়েছেন হাইতিকে। বিশ্বকাপে অংশ নিতে ব্রাজিলে হাইতির দলের অনুশীলন ক্যাম্পেও যোগ দিয়েছেন।
মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না রোমাআর্জেন্টিনার জন্য তাঁর এই সিদ্ধান্তটা কিছুটা বিস্ময় হয়েই এসেছে। গত জুলাইয়ের শেষ দিকে ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছিলেন রামোস। প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে অভিষেক। দ্বিতীয় ম্যাচে তো নিজের জাতই চিনিয়েছেন। আতালান্তার লেওন কোলবোভস্কি স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে থাকা আর্জেন্টিনাকে সমতায় ফেরানো গোলটি রামোসের। এরপর মনে হচ্ছিল, শুধু বয়সভিত্তিক দল নয়, আর্জেন্টিনার জাতীয় দলও বুঝি এক সময় তাঁর গন্তব্য হতে যাচ্ছে। সে ক্ষেত্রে আর্জেন্টিনার হয়ে একজন কৃষ্ণাঙ্গ ফুটবলারকে খেলতে দেখার বিরল অভিজ্ঞতাও হতো।
কিন্তু রামোস ভেবেছেন অন্য রকম। যে দেশের ভাষায় কথা বলেন, যে দেশের রাস্তায় বড় হয়েছেন, যে দেশের ফুটবল সংস্কৃতিতে নিজেকে গড়ে তুলেছেন, সেই দেশের জার্সি ছেড়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন জন্মভূমির হয়ে। শিকড়েরও তো একটা টান আছে।
আর্জেন্টিনার ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে আলো ছড়িয়েছেন রামোসতাঁর সামনে এখন বড় পরীক্ষা। কাতারে হাইতির হয়ে খেলতে নামবেন ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ের বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনা খেলবে অস্ট্রেলিয়া, মোজাম্বিক ও ডেনমার্কের সঙ্গে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হাইতির হয়ে খেললেও আর্জেন্টিনার হয়ে খেলার দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। হাইতির জাতীয় দলের হয়ে তিনটি অফিশিয়াল ম্যাচ না খেলা পর্যন্ত আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ থাকবে তাঁর।
ফুটবলে জাতীয় দলের জার্সি অনেক সময় প্রতিভার স্বীকৃতি। কখনো তা হয়ে ওঠে শিকড়ের কাছে ফিরে যাওয়ার উপায়। কিকি রামোসের কাছে হাইতির জার্সি হয়তো তেমনই কিছু। যে দেশ তাঁকে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই দেশের হয়ে এবার বিশ্বমঞ্চে আলো ছড়ানোর পালা।
ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে আর্জেন্টিনায় অভিষেক: কে এই কিকি রামোস

Source - www.prothomalo.com ↗