Bangladesh · 2026-11-10 20:35:08

বিবিএ শেষ করে চাকরি আগে নাকি এমবিএ

বিবিএ শেষ করে চাকরি আগে নাকি এমবিএ
ডিগ্রি অর্জনের পরপরই এমবিএ করার প্রবণতা বাড়ছে। কিন্তু বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ছাড়া উচ্চশিক্ষা কতটা কার্যকর? চাকরির বাজারের চাহিদা, ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত দক্ষতার আলোকে বিষয়টি নতুন করে ভাবা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ে চার বছরের বিবিএ শেষ করার পর একজন শিক্ষার্থীর সামনে সাধারণত দুটি পথ খোলা থাকে। প্রথমটি, সরাসরি এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়া। দ্বিতীয়টি, আগে চাকরির বাজারে প্রবেশ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং পরবর্তী সময়ে নিজের প্রয়োজন ও লক্ষ্য অনুযায়ী এমবিএ করা। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক শিক্ষার্থী ও অভিভাবকের কাছে প্রথম পথটিই বেশি আকর্ষণীয়। কারণ, প্রচলিত ধারণা হলো—যত বেশি ডিগ্রি, তত বেশি যোগ্যতা এবং তত ভালো চাকরির সুযোগ।
আন্তর্জাতিক চাকরির বাজারের দিকে তাকালে দেখা যায়, নিয়োগের ক্ষেত্রে শুধু উচ্চশিক্ষার সনদ নয়, বাস্তব দক্ষতা, কারিগরি জ্ঞান ও কাজের অভিজ্ঞতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জার্মানি, জাপান, চীন ও সুইজারল্যান্ডসহ উন্নত দেশগুলোতে বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষারও শক্তিশালী ব্যবস্থা রয়েছে। সেখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাস্তব কাজ শেখার সুযোগ পান।
যুক্তরাষ্ট্রের চাকরির বাজারেও দক্ষতাভিত্তিক নিয়োগের প্রবণতা বাড়ছে। ইনডেড হায়ারিং ল্যাবের ২০২৪ সালের এক বিশ্লেষণে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ওই বছরের জানুয়ারিতে তাদের পর্যবেক্ষণ করা চাকরির বিজ্ঞাপনের ৫২ শতাংশে কোনো আনুষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার শর্ত উল্লেখ ছিল না। এর অর্থ এই নয় যে উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা কমে গেছে; বরং চাকরির উপযোগী দক্ষতার গুরুত্ব যে বাড়ছে, এটি তার একটি ইঙ্গিত।
এই বাস্তবতা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়—শুধু বিবিএ ও এমবিএ ডিগ্রি থাকলেই কি একজন প্রার্থী চাকরির জন্য প্রস্তুত হয়ে যান? একজন নিয়োগকর্তা কি কেবল শিক্ষাগত যোগ্যতা দেখেই প্রার্থী নির্বাচন করেন, নাকি তাঁর বাস্তব কাজের দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, যোগাযোগের সক্ষমতা এবং ব্যবসায়িক পরিস্থিতি বোঝার যোগ্যতাকেও গুরুত্ব দেন?
আমার দীর্ঘদিনের মানবসম্পদ ব্যবস্থাপনা ও নিয়োগ কার্যক্রমের অভিজ্ঞতায় একটি বিষয় স্পষ্ট—শিক্ষাগত যোগ্যতা একজন প্রার্থীকে চাকরির দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে তাঁর টিকে থাকা, ভালো করা এবং ধীরে ধীরে নেতৃত্বের পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও শেখার মানসিকতা। তাই বিবিএ শেষ করার পরপরই এমবিএ শুরু করার আগে শিক্ষার্থীদের ভেবে দেখা প্রয়োজন, তাঁরা আসলে কী অর্জন করতে চান।
ডিগ্রির পাশাপাশি চাকরির বাজার চায় কাজের সক্ষমতা
একসময় চাকরির বাজারে ভালো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও ভালো সিজিপিএকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। এখনো এগুলোর গুরুত্ব রয়েছে। অনেক প্রতিষ্ঠানে প্রাথমিক বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও ফলাফল বিবেচনা করা হয়। তবে নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রার্থীর বাস্তব দক্ষতা, চিন্তাভাবনা, কাজের ধরন এবং শেখার সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
একজন বিবিএ স্নাতক অর্থায়ন, হিসাববিজ্ঞান, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা, সরবরাহ ব্যবস্থাপনা কিংবা ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা—যে বিষয়েই পড়াশোনা করুন না কেন, কর্মক্ষেত্রে তাঁকে সেই জ্ঞান প্রয়োগ করতে হবে। অর্থায়নের শিক্ষার্থীকে আর্থিক বিশ্লেষণ, বাজেট তৈরি ও প্রতিবেদন প্রস্তুতের কাজ করতে হতে পারে। বিপণনের শিক্ষার্থীকে ক্রেতার আচরণ বুঝতে, বাজার বিশ্লেষণ করতে এবং প্রচার কার্যক্রমের ফলাফল মূল্যায়ন করতে হতে পারে। মানবসম্পদ ব্যবস্থাপনার শিক্ষার্থীকে নিয়োগ, কর্মীসম্পর্ক, কর্মদক্ষতা মূল্যায়ন কিংবা কর্মী উন্নয়নের দায়িত্ব নিতে হতে পারে।
শ্রেণিকক্ষে এসব বিষয়ে তাত্ত্বিক জ্ঞান অর্জন করা সম্ভব। কিন্তু বাস্তব কর্মক্ষেত্রে কাজ কীভাবে সম্পন্ন হয়, সিদ্ধান্ত গ্রহণে কী ধরনের চ্যালেঞ্জ আসে, বিভিন্ন বিভাগের মধ্যে কীভাবে সমন্বয় করতে হয় কিংবা সীমিত সম্পদের মধ্যে কীভাবে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হয়—এসব শেখার জন্য প্রয়োজন বাস্তব কাজের অভিজ্ঞতা।
এমবিএ কি চাকরির বিকল্প
বাংলাদেশে অনেক শিক্ষার্থীর মধ্যে একটি প্রবণতা দেখা যায়—বিবিএ শেষ করার পর চাকরির চেষ্টা না করে সরাসরি এমবিএতে ভর্তি হওয়া। কেউ কেউ মনে করেন, এমবিএ শেষ করলে ভালো পদে চাকরি পাওয়া সহজ হবে। আবার অনেকের ধারণা, এমবিএ না থাকলে ভবিষ্যতে ক্যারিয়ারে এগিয়ে যাওয়া কঠিন।
বাস্তবে এমবিএ কোনো চাকরির বিকল্প নয়। এটি উচ্চতর শিক্ষার একটি ধাপ, যা ব্যবসায়িক জ্ঞান, ব্যবস্থাপনাসংক্রান্ত ধারণা, কৌশলগত চিন্তাভাবনা ও নেতৃত্বের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। তবে এই শিক্ষার কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে শিক্ষার্থী আগে কী শিখেছেন, কী ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সেই জ্ঞান কীভাবে কাজে লাগাতে চান তার ওপর।
এমবিএ প্রোগ্রামের অনেক বিষয়—যেমন কৌশলগত ব্যবস্থাপনা, সাংগঠনিক আচরণ, ব্যবসায়িক নেতৃত্ব, করপোরেট অর্থায়ন কিংবা পরিবর্তন ব্যবস্থাপনা বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একজন শিক্ষার্থী যখন কোনো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা ছাড়াই এসব বিষয়ে পড়াশোনা করেন, অনেক ক্ষেত্রে বিষয়গুলো তাঁর কাছে কেবল একাডেমিক ধারণা হিসেবে থেকে যেতে পারে। অন্যদিকে দুই-তিন বছর চাকরি করার পর এসব বিষয় পড়লে নিজের কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে সেগুলো বোঝা সহজ হয়।
যেমন, সাংগঠনিক আচরণ পড়ার সময় একজন চাকরিজীবী ইতিমধ্যে বিভিন্ন ধরনের সহকর্মী, ব্যবস্থাপক, নেতৃত্বের ধরন ও কর্মপরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন। কৌশলগত ব্যবস্থাপনা পড়ার সময় তিনি বুঝতে পারেন, একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সিদ্ধান্ত কীভাবে কর্মী, বাজেট, বাজার ও সামগ্রিক ফলাফলের ওপর প্রভাব ফেলে। অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা এমবিএ শিক্ষাকে আরও অর্থবহ ও প্রয়োগযোগ্য করে তুলতে পারে।
চাকরির প্রথম কয়েক বছরই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা একজন শিক্ষার্থীকে জ্ঞান অর্জনের সুযোগ দেয়। কিন্তু চাকরির প্রথম কয়েক বছর তাঁকে পেশাগতভাবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে একজন নতুন কর্মী শুধু নির্দিষ্ট দায়িত্ব পালন করেন না; তিনি শেখেন কীভাবে একটি প্রতিষ্ঠান পরিচালিত হয়, কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, কীভাবে একটি দল কাজ করে এবং কীভাবে ব্যক্তিগত দক্ষতাকে প্রতিষ্ঠানের লক্ষ্যের সঙ্গে যুক্ত করতে হয়।
কর্মক্ষেত্রে সময় ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা, পেশাগত আচরণ, দলগত কাজ, যোগাযোগ, সমস্যা সমাধান এবং চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলো বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই ভালোভাবে আয়ত্ত করা যায়। বিশ্ববিদ্যালয়ে দলীয় কাজ বা উপস্থাপনার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। কিন্তু একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগের সঙ্গে কাজ করা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা এবং কাজের ফলাফলের জন্য জবাবদিহি করা ভিন্ন ধরনের অভিজ্ঞতা।
একজন নতুন বিপণন কর্মকর্তা হয়তো বিশ্ববিদ্যালয়ে বিপণন কৌশল সম্পর্কে ভালো ধারণা রাখেন। কিন্তু বাস্তবে তাঁকে বুঝতে হবে, নির্ধারিত বাজেটের মধ্যে কীভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করতে হয়, গ্রাহক অর্জনে কত ব্যয় হচ্ছে, বিনিয়োগের বিপরীতে কী ফল পাওয়া যাচ্ছে এবং প্রত্যাশিত ফল না এলে কী পরিবর্তন আনতে হবে।
একইভাবে একজন মানবসম্পদ কর্মকর্তার শুধু নিয়োগ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান থাকলেই চলবে না। তাঁকে বুঝতে হবে, একটি পদের জন্য সঠিক প্রার্থী কীভাবে খুঁজে বের করতে হয়, সাক্ষাৎকার পরিচালনা করতে হয়, নিয়োগ ব্যবস্থাপকের সঙ্গে সমন্বয় করতে হয় এবং নিয়োগের পর কর্মীর কর্মদক্ষতা কীভাবে মূল্যায়ন করতে হয়।
এই অভিজ্ঞতাগুলো একজন শিক্ষার্থীকে শুধু চাকরির উপযোগী করে তোলে না, ভবিষ্যতে বড় দায়িত্ব নেওয়ার ভিত্তিও তৈরি করে।
অভিজ্ঞতা ছাড়া এমবিএ করলে কী চ্যালেঞ্জ হতে পারে
অভিজ্ঞতা ছাড়াই এমবিএ করা ভুল—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কারণ, সবার ব্যক্তিগত ও পেশাগত লক্ষ্য এক নয়। কেউ শিক্ষকতা বা গবেষণায় ক্যারিয়ার গড়তে চান, কেউ পারিবারিক ব্যবসায় যুক্ত হতে চান, আবার কেউ নির্দিষ্ট কোনো বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জন করতে চান। তাঁদের ক্ষেত্রে বিবিএর পরপরই এমবিএ করা যৌক্তিক হতে পারে।
তবে যাঁরা করপোরেট ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য আগে কিছুদিন চাকরি করার অভিজ্ঞতা বিশেষভাবে উপকারী হতে পারে। অভিজ্ঞতা ছাড়া এমবিএ করলে কয়েকটি চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
প্রথমত, এমবিএতে পড়ানো অনেক ব্যবসায়িক উদাহরণ ও ব্যবস্থাপনার ধারণা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে বোঝা কঠিন হতে পারে।
দ্বিতীয়ত, এমবিএ ডিগ্রি অর্জনের পর চাকরির বাজারে প্রবেশ করলে প্রত্যাশিত পদ ও বেতনের সঙ্গে নিয়োগকর্তার প্রত্যাশার ব্যবধান তৈরি হতে পারে। উচ্চতর ডিগ্রি থাকলেও বাস্তব কাজের অভিজ্ঞতা না থাকলে অনেক দায়িত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া কঠিন।
তৃতীয়ত, একই ডিগ্রিধারী দুই প্রার্থীর মধ্যে একজনের যদি কয়েক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে দায়িত্ব নেওয়ার প্রয়োজন রয়েছে—এমন পদে নিয়োগকর্তা অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দিতে পারেন।
তবে অভিজ্ঞতা থাকলেই একজন প্রার্থী সব ক্ষেত্রে এগিয়ে থাকবেন, এমন নিশ্চয়তা নেই। শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, ব্যক্তিগত সক্ষমতা এবং প্রতিষ্ঠানের চাহিদা—সবকিছু মিলিয়েই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবিএতে কোন মেজর বেছে নেবেনতাহলে কখন এমবিএ করা উচিত
এমবিএ করার জন্য নির্দিষ্ট কোনো বয়স বা চাকরির অভিজ্ঞতার সময়সীমা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে যাঁরা করপোরেট ক্যারিয়ার গড়তে চান, তাঁরা বিবিএ শেষ করে প্রথমে দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা অর্জনের পর এমবিএ করার বিষয়টি বিবেচনা করতে পারেন।
এই সময়ের মধ্যে নিজের আগ্রহ ও শক্তির জায়গা সম্পর্কে আরও ভালোভাবে বোঝা সম্ভব। অর্থায়ন, বিপণন, মানবসম্পদ, পরিচালন ব্যবস্থাপনা, সরবরাহ ব্যবস্থাপনা কিংবা প্রযুক্তি ব্যবস্থাপনা—কোন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে চান, সেটিও পরিষ্কার হতে পারে। চাকরি করার সময় নিজের দক্ষতার ঘাটতি চিহ্নিত করে সেই অনুযায়ী এমবিএর বিষয় বা বিশেষায়ন নির্বাচন করা যায়।
যেমন, কয়েক বছর কাজ করার পর একজন বিপণন কর্মকর্তা বুঝতে পারেন, তাঁর ডিজিটাল বিপণন বা ব্যবসা উন্নয়ন বিষয়ে আরও জ্ঞান প্রয়োজন। একজন মানবসম্পদ পেশাজীবী বুঝতে পারেন, কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা, সাংগঠনিক উন্নয়ন কিংবা কর্মী-তথ্য বিশ্লেষণ বিষয়ে উচ্চতর শিক্ষা তাঁর ক্যারিয়ারে বেশি কাজে আসবে।
এ ছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ে চাকরিজীবীদের জন্য সান্ধ্যকালীন, সাপ্তাহিক ছুটির দিনের কিংবা নির্বাহী এমবিএ করার সুযোগ রয়েছে। ফলে চাকরি চালিয়ে যাওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব। এতে একদিকে অভিজ্ঞতা বাড়ে, অন্যদিকে নিজের আয়ে পড়াশোনার ব্যয় বহন করে পরিবারের ওপর আর্থিক চাপও কমানো যায়।
চাকরি আগে, নাকি এমবিএ—সিদ্ধান্তটি আপনার
আমার কর্মজীবনের অভিজ্ঞতায় দেখেছি, এমবিএ ডিগ্রি ছাড়াও অনেক পেশাজীবী বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কিংবা প্রধান বিপণন কর্মকর্তার (সিএমও) মতো গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে পৌঁছেছেন। আন্তর্জাতিক করপোরেট জগতেও এমন উদাহরণ রয়েছে। ফর্চুন-এর ফিউচার ৫০ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের একটি বিশ্লেষণে দেখা গেছে, তাঁদের মধ্যে মাত্র ১৮ শতাংশের এমবিএ ডিগ্রি রয়েছে। অর্থাৎ ব্যবসায়িক নেতৃত্বের শীর্ষ পর্যায়ে পৌঁছানোর জন্য এমবিএ সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। তবে এর অর্থ এই নয় যে উচ্চশিক্ষার প্রয়োজন নেই; বরং অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা ও ফলাফল অর্জনের যোগ্যতাও সমান গুরুত্বপূর্ণ।
সবশেষে বলা যায়, বিবিএ শেষ করার পরপরই এমবিএ করা উচিত, নাকি আগে চাকরি করা উচিত—এর কোনো একক উত্তর নেই। সিদ্ধান্তটি নির্ভর করবে একজন শিক্ষার্থীর ক্যারিয়ার লক্ষ্য, আর্থিক সক্ষমতা, ব্যক্তিগত আগ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর। যাঁরা করপোরেট ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য আগে চাকরির অভিজ্ঞতা অর্জন করে পরে এমবিএ করা একটি কার্যকর পথ হতে পারে। যাঁরা শিক্ষকতা, গবেষণা, পারিবারিক ব্যবসা কিংবা নির্দিষ্ট কোনো বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জন করতে চান, তাঁদের জন্য সরাসরি এমবিএ করার সুযোগও বিবেচনাযোগ্য।
তবে একটি বিষয় সবার জন্যই গুরুত্বপূর্ণ—শুধু ডিগ্রি অর্জনকে ক্যারিয়ারের চূড়ান্ত লক্ষ্য হিসেবে দেখা যাবে না। ডিগ্রির পাশাপাশি বাস্তব দক্ষতা, অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগের সক্ষমতা এবং শেখার আগ্রহ তৈরি করতে হবে।
বিবিএ শেষ করা মানে শিক্ষাজীবনের সমাপ্তি নয়; বরং পেশাগত জীবনের শুরু। আবার এমবিএ করাও ক্যারিয়ারের সফলতার নিশ্চয়তা নয়। সফলতার জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার সক্ষমতা।
আমার পরামর্শ থাকবে, বিবিএ শেষ করার পর শুধু আরেকটি ডিগ্রির পেছনে না ছুটে প্রথমে নিজেকে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করুন। ইন্টার্নশিপ করুন, চাকরির চেষ্টা করুন, বাস্তব কাজ শিখুন, নিজের দক্ষতার ঘাটতি চিহ্নিত করুন এবং অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে শেখার চেষ্টা করুন। এরপর নিজের ক্যারিয়ারের প্রয়োজন অনুযায়ী এমবিএ করার সিদ্ধান্ত নিন।
লেখক: প্রধান মানবসম্পদ কর্মকর্তা, বিক্রয় মার্কেটপ্লেস লিমিটেড
খণ্ডকালীন প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

Source - www.bondhushava.com ↗