লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমিনুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মমিনের গ্যারেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাবেক সেনা সদস্য পিপলু মিয়া আদিতমারী উপজেলার কসালতলা গ্রামের মো. সাত্তার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন পিপলু মিয়া ও আমিনুল ইসলাম। তারা উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ও বেপরোয়া একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর জখম হন পিপলু মিয়া এবং মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়।
ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

এ সময় মোটরসাইকেলটির চালক আমিনুল ইসলামও গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়। সেই সঙ্গে পালানোর চেষ্টাকালে ট্রাকের চালক ও তার সহযোগীকে (হেলপার) হাতেনাতে আটক করে পুলিশ।
সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে এবং আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা ড্রাম ট্রাকটি জব্দ করেছি এবং এর চালক ও হেলপার দুজনকে আটক করেছি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Source - www.bd24live.com ↗