পটুয়াখালীর বাউফলে নাজিরপুর তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কমিটির সভাপতি হিসেবে বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কমিটি বাতিলের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার মান বজায় রাখতে দায়িত্বশীল এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে কমিটির সভাপতি করা প্রয়োজন। কিন্তু বর্তমান কমিটির সভাপতি নিয়োগ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। এ অবস্থায় বিতর্কিত ব্যক্তিকে সভাপতি হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়।
বাউফলে স্কুল কমিটি নিয়ে ক্ষোভ, বাতিলের দাবিতে মানববন্ধন

বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে বর্তমান অ্যাডহক কমিটি বাতিল করে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতি হিসেবে নিয়োগ দিতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিদ্যালয় বাঁচাও, শিক্ষার পরিবেশ রক্ষা করো এবং বিতর্কিত কমিটি বাতিল করো সহ বিভিন্ন স্লোগান দেন।
Source - www.bd24live.com ↗