কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার এক যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
অভিযুক্ত ছাত্রদল নেতার নাম ফয়সাল কবির আখন্দ। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব। অভিযোগ রয়েছে, গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছেড়ে দিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চাপ দেন তিনি। এ সময় ওসিকে উদ্দেশ করে বলেন, ‘আমার লোক ছেড়ে দিতে হবে।’
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাতে মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূর আলমকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ফয়সাল কবির আখন্দ ব্রাহ্মণপাড়া থানায় গিয়ে তাঁকে ছাড়ানোর জন্য তদবির করেন।
কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতার তদবির

এ বিষয়ে জানতে ফয়সাল কবির আখন্দকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন হেসে বলেন, ‘ছেলেমানুষ, বোঝে না। রক্ত গরম তো! আপনি তাকে জিজ্ঞেস করেন, থানায় কেন গিয়েছিল। এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, ‘বিষয়টি এইমাত্র আপনার কাছ থেকে জানতে পারলাম। আমি তাকে জিজ্ঞাসাবাদ করব। এমন ঘটনা ঘটে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি সামনে আসার পর স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে গ্রেপ্তার এক যুবলীগ নেতাকে ছাড়াতে ছাত্রদল নেতার থানায় যাওয়ার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠছে।
Source - www.bd24live.com ↗