Bangladesh · 2026-11-10 21:49:46

রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির

রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহীতে রাগীব আহসান মুন্না, ঢাকা উত্তরে হাসান হাফিজুর রহমান সোহেল এবং ঢাকা দক্ষিণে মঞ্জুর মঈন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আজ মঙ্গলবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের ফোরামে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
রাজশাহী সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগীব আহসান মুন্না। ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন সিপিবির ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন।
বিজ্ঞপ্তিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি রতন বলেন, স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য সিটি করপোরেশনগুলোকে জনবান্ধব, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা জরুরি।
নেতারা বলেন, নগরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। পরিকল্পিত নগরায়ণ, যানজট ও জলাবদ্ধতা নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন এবং বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
সিপিবি মনে করে, সিটি করপোরেশন শুধু নাগরিক সেবা দেওয়ার প্রতিষ্ঠান নয়। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি ও উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও প্রতিষ্ঠানগুলোর ভূমিকা থাকা প্রয়োজন।

Source - www.prothomalo.com ↗