প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নিয়োগ ও ইন্টার্নশিপের প্রতিশ্রুতি দিয়েছে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নিয়োগদাতা, উন্নয়ন সহযোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোকে একত্র করেছে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)।
সম্প্রতি ঢাকার লো মেরিডিয়েন হোটেলে যৌথভাবে আয়োজিত ‘এমপাওয়ারঅ্যাবিলিটি : পাওয়ারিং এভরি অ্যাবিলিটি ২০২৬’ শীর্ষক তৃতীয় সম্মেলনে এসব অঙ্গীকার ঘোষণা করা হয়। ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ করপোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় সম্মেলনটি আয়োজন করা হয়। সম্মেলনে উর্মি গ্রুপ ২০২৭ সালের শেষ নাগাদ তাদের মোট কর্মীর অন্তত ১ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগের অঙ্গীকার করেছে।
লো মেরিডিয়েন ঢাকা বিবিডিএনের মাধ্যমে প্রতিবন্ধী স্নাতকদের অন্তত ২০টি ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, ব্র্যাক ব্যাংক প্রতি বছর অন্তত পাঁচজন যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অঙ্গীকার করেছে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন।
প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগে করপোরেট অঙ্গীকার নিশ্চিত করল ব্র্যাক ব্যাংক ও বিবিডিএন

বিবিডিএনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা রাফি খানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, ব্রিটিশ হাইকমিশন, ব্র্যাক ও বাটা’র প্রতিনিধিরা এবং প্রতিবন্ধী অধিকারবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশনস অফিসার ইকরাম কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন বিডিডিএন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আরদাশির কবীর।
The post প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগে করপোরেট অঙ্গীকার নিশ্চিত করল ব্র্যাক ব্যাংক ও বিবিডিএন appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗