Bangladesh · 2026-11-11 02:35:51

শ্রীমঙ্গলের মাঠে সবুজের সমারোহ ও সোনালি স্বপ্নের হাতছানি

শ্রীমঙ্গলের মাঠে সবুজের সমারোহ ও সোনালি স্বপ্নের হাতছানি
শ্রীমঙ্গলের মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। বাতাসের দোলায় দুলছে হলুদের পাতা। মাটির গভীরে ধীরে ধীরে বেড়ে উঠছে কৃষকের স্বপ্ন, যার রং সোনালি। কেউ ব্যস্ত জমির পরিচর্যায়, কেউ আগাছা পরিষ্কারে, আবার কেউ তাকিয়ে আছেন আকাশের দিকে— প্রকৃতি এবার কতটা সহায় হবে, সেই প্রত্যাশায়।

উপজেলার বিভিন্ন এলাকায় এবার প্রায় ৬৯ হেক্টর জমিতে আবাদ হয়েছে হলুদের। রান্নাঘরের অতি পরিচিত এই মসলা জাতীয় ফসল এখন অনেক কৃষকের কাছে বাড়তি আয়ের সম্ভাবনা। চাষাবাদ সম্প্রসারণে কৃষি বিভাগের উদ্যোগ, উন্নত জাতের ব্যবহার এবং মাঠপর্যায়ে প্রদর্শনী প্লট স্থাপনের ফলে হলুদ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবার শ্রীমঙ্গলে ভালো ফলন পাওয়া সম্ভব।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১০টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এসব প্লটের মাধ্যমে কৃষকদের উন্নত জাতের হলুদ চাষ, সুষম সার প্রয়োগ, আগাছা দমন, রোগবালাই নিয়ন্ত্রণ এবং আধুনিক উৎপাদন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। উপজেলায় প্রধানত বারি হলুদ-১ ও ডিমলা জাতের হলুদ চাষ করা হচ্ছে। রান্নাঘর থেকে কৃষকের মাঠে হলুদ বাঙালির রান্নাঘরের এক অপরিহার্য উপাদান।

তরকারির রং, স্বাদ ও ঘ্রাণ বাড়াতে প্রতিদিনই ব্যবহার হয় এই মসলা। শুধু রান্নায় নয়, প্রসাধনী ও বিভিন্ন রং তৈরির কাজেও হলুদের ব্যবহার রয়েছে। আদা পরিবারের এই উদ্ভিদের মাটির নিচের রাইজোম বা গ্রন্থিকা-ই মূলত মসলা হিসেবে ব্যবহৃত হয়। দেশের প্রতিটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় এই মসলার চাহিদা পূরণে স্থানীয় উৎপাদন বাড়ানোর গুরুত্ব রয়েছে।

আমদানিনির্ভরতা কমানো এবং কৃষকদের আয় বাড়ানোর ক্ষেত্রেও হলুদ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে শ্রীমঙ্গলের উপযোগী জমি ও আবহাওয়াকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে চাষ সম্প্রসারণ করা গেলে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। ৬৯ হেক্টর জমিতে ফলনের প্রত্যাশা কৃষি উৎপাদনের সাধারণ হিসাব অনুযায়ী, প্রতি হেক্টরে গড়ে ২০ মেট্রিক টন কাঁচা হলুদ উৎপাদিত হলে শ্রীমঙ্গলের ৬৯ হেক্টর জমি থেকে প্রায় ১ হাজার ৩৮০ মেট্রিক টন হলুদ পাওয়া সম্ভব।

তবে এটি সম্ভাব্য উৎপাদনের আনুমানিক হিসাব। প্রকৃত ফলন নির্ভর করবে মাটির উর্বরতা, আবহাওয়া, জাত, পরিচর্যা ও রোগবালাই পরিস্থিতির ওপর। উন্নত উৎপাদন ব্যবস্থাপনায় বারি হলুদ-১ জাত থেকে হেক্টরপ্রতি প্রায় ২০ থেকে ২৫ মেট্রিক টন এবং ডিমলা জাত থেকে ১৫ থেকে ২০ মেট্রিক টন কাঁচা হলুদ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে অঞ্চল ও চাষাবাদ পদ্ধতিভেদে ফলনের তারতম্য হতে পারে।

তাই কৃষকদের প্রত্যাশা, যথাযথ পরিচর্যার মাধ্যমে এবার মাঠের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে। পরিচর্যায় লুকিয়ে ভালো ফলনের চাবিকাঠি হলুদ চাষে জমি নির্বাচন ও পানি নিষ্কাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উর্বর, ঝুরঝুরে এবং পানি সহজে বের হয়ে যায়Ñ এমন জমি এই ফসলের জন্য উপযোগী। হলুদ বৃষ্টিনির্ভর ফসল হলেও জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে রাইজোম পচাসহ বিভিন্ন রোগের আশঙ্কা বাড়ে।

তাই জমিতে নালা তৈরি এবং অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা রাখা প্রয়োজন। পাশাপাশি মানসম্মত ও রোগমুক্ত রোপণ উপকরণ ব্যবহার, মাটির প্রয়োজন অনুযায়ী সুষম সার প্রয়োগ, আগাছা দমন এবং নিয়মিত রোগবালাই পর্যবেক্ষণ ফলন বাড়াতে সহায়ক। ফসল পরিপক্ব হওয়ার পর সঠিক সময়ে সংগ্রহ করাও জরুরি। সংগ্রহের পর পরিষ্কার করা, যথাযথভাবে শুকানো এবং উপযুক্ত পরিবেশে সংরক্ষণের মাধ্যমে হলুদের গুণগত মান বজায় রাখা সম্ভব।

কৃষকের পাশে কৃষি বিভাগের উদ্যোগ শ্রীমঙ্গল উপজেলা কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর বলেন, ‘শ্রীমঙ্গলে হলুদ চাষ সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৬৯ হেক্টর জমিতে হলুদ আবাদ হয়েছে। বারি হলুদ-১ ও ডিমলা জাতের হলুদ চাষের পাশাপাশি মসলার উন্নত জাত সম্প্রসারণ প্রকল্প এবং ফ্রিপ প্রকল্পের মাধ্যমে একাধিক প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে।

এসব প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলোÑ কৃষকদের উন্নত জাত ও আধুনিক উৎপাদনপ্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং মাঠপর্যায়ে প্রযুক্তির ব্যবহার বাড়ানো। ’ তিনি আরও বলেন, ‘মানসম্মত রোপণ উপকরণ ব্যবহার, সুষম সার প্রয়োগ, আগাছা ও রোগবালাই ব্যবস্থাপনা এবং জমিতে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা গেলে হলুদের ফলন ও গুণগত মান বৃদ্ধি করা সম্ভব।

কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, বাজারজাতকরণে সহায়তা এবং মসলা জাতীয় ফসলের উৎপাদন সম্প্রসারণে উপজেলা কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে। ’ সোনালি ফসলের স্বপ্নে বাজারের প্রত্যাশা কৃষকের কাছে ভালো ফলনই শেষ কথা নয়; ফসল বিক্রি করে ন্যায্যমূল্য পাওয়াও সমান গুরুত্বপূর্ণ। বীজ, সার, শ্রমিকের মজুরি, পরিচর্যা ও পরিবহন খরচ মেটানোর পর কৃষকের হাতে কতটুকু লাভ থাকছে, তার ওপর নির্ভর করে পরবর্তী মৌসুমে চাষাবাদের আগ্রহ।

অনেক সময় ভালো ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকের প্রত্যাশা পূরণ হয় না। তাই হলুদ চাষকে লাভজনক করতে উৎপাদনের পাশাপাশি প্রয়োজন পরিকল্পিত বাজারব্যবস্থা, সংরক্ষণের সুযোগ এবং সহজ বাজারজাতকরণ। প্রকৃতির অনুকূলতা, সঠিক পরিচর্যা এবং কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এই সবুজ মাঠ একদিন ভরে উঠবে সোনালি ফসলে। সেই ফসল ঘরে তোলার মধ্য দিয়েই হয়তো পূর্ণতা পাবে কৃষকের পরিশ্রম, স্বপ্ন আর সম্ভাবনার গল্প।

The post শ্রীমঙ্গলের মাঠে সবুজের সমারোহ ও সোনালি স্বপ্নের হাতছানি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗