Bangladesh · 2026-11-11 02:31:29

আপস করতে নারাজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

আপস করতে নারাজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
গসিপকে কখনো নিজের হাতিয়ার করেননি, বরং সততা ও নৈতিকতাকেই বরাবর গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সামনেই মুক্তি পেতে চলেছে তার অভিনীত নতুন বাংলা সিনেমা নজরবন্দি।

তার আগে একাধিক বিষয় নিয়ে নিজের মতামত জানালেন অভিনেত্রী। ‘নজরবন্দি’ সিনেমার বিষয়বস্তুও বেশ অন্যরকম। পরিচালক দেবারতি ভৌমিকের এই সিনেমাতে কোনো পুরুষ চরিত্র নেই। সাইবার অপরাধকে কেন্দ্র করে তৈরি হয়েছেÑ সিনেমার গল্প। থ্রিলারের মোড়কে উঠে আসবে একাধিক নারীচরিত্রের জীবন, সম্পর্ক এবং অপরাধের নানা দিক। ঋতুপর্ণার পাশাপাশি সিনেমাতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাজনন্দিনী পাল, দর্শনা বণিক, দেবলীনা কুমার, লাবণী সরকার ও চান্দ্রেয়ী ঘোষ।

আগামী ১৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। তারকা জীবনে গুঞ্জন বা পরচর্চা নতুন কিছু নয়। কিন্তু ঋতুপর্ণার কথায়, ‘আমি মূলত কোনো গসিপ বা পরচর্চায় বিশ্বাসী নই এবং এটিকে কখনো কোনো হাতিয়ার হিসেবে ব্যবহার করিনি। কারণ এটা আমার ব্যক্তিত্বের সঙ্গে মেলে না। আমি সবসময় নিজের সততা ও নৈতিকতা ধরে রাখতে বিশ্বাসী। ’ অর্থাৎ পেশাগত জীবনে যতই আলোচনা বা সমালোচনার মুখে পড়তে হোক, নিজের মূল্যবোধের সঙ্গে আপস করতে নারাজ অভিনেত্রী।

কাজের সূত্রে কখনো মুম্বাই, কখনো বেঙ্গালুরু, বাংলাদেশ কিংবা নিউইয়র্কে ছুটতে হয় তাকে। একের পর এক কাজের ব্যস্ততার মধ্যেও সংবাদমাধ্যম এবং মানুষের নজরদারির বিষয়টি যে কখনো কখনো অস্বস্তির কারণ হয়ে ওঠে, তা স্বীকার করেছেন ঋতুপর্ণা। তার কথায়, অনেক সময় মনে হয়, যেন সারাক্ষণ নজরদারির মধ্যে রয়েছেন। মোবাইল ফোনও কখনো কখনো আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে।

চলচ্চিত্রে নারীদের ভূমিকা এবং সমাজের মানসিকতা নিয়েও সরব ঋতুপর্ণা। তার মতে, নারীদের তৈরি চলচ্চিত্রে অনেক সময়ই প্রগতিশীল চিন্তাভাবনা ও উন্নত মানের কাজের প্রতিফলন দেখা যায়। কিন্তু বাস্তবে নারীর সাফল্যের চেয়ে অনেক সময় ব্যক্তিগত অহংবোধ বড় হয়ে দাঁড়ায়। অভিনেত্রী হিসেবে পেশাগত ব্যস্ততা থাকলেও সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন ঋতুপর্ণা।

সন্তানদের বেড়ে ওঠার সময়ে তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া যে জরুরি, সেই বার্তাই দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ঋতুপর্ণা। তার মতে, নিজের বক্তব্য প্রকাশ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম অত্যন্ত শক্তিশালী মাধ্যম। কিন্তু মানুষের বিচার করার প্রবণতা এবং ভিত্তিহীন মন্তব্য অনেক সময় বিপজ্জনক হয়ে ওঠে।

বিশেষ করে সাইবার বুলিং ও ক্ষতিকর গসিপ যে মানুষের জীবন পর্যন্ত বিপন্ন করে তুলতে পারে, সেই আশঙ্কার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, ভিত্তিহীন অপপ্রচারের বদলে বাস্তব জীবনের সত্য ঘটনা ও গল্প তুলে ধরাই অনেক বেশি অর্থপূর্ণ।

The post আপস করতে নারাজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗