Bangladesh · 2026-11-11 06:06:32

মানিকগঞ্জের সিংগাইরে আখের বাম্পার ফলন, ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

মানিকগঞ্জের সিংগাইরে আখের বাম্পার ফলন, ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
মাঠজুড়ে সবুজ আখের সমারোহ। কোথাও চলছে আখ কাটার ব্যস্ততা, কোথাও শ্রমিকরা বাঁধছেন আঁটি। আবার ট্রাকে বোঝাই করে এসব আখ পাঠানো হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। অনুকূল আবহাওয়া ও উর্বর দোআঁশ মাটিতে এবার মানিকগঞ্জের সিংগাইরে আখের বাম্পার ফলন হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩১ কোটি টাকার আখ বিক্রির সম্ভাবনা রয়েছে। এতে কৃষকের পাশাপাশি স্থানীয় শ্রমিক, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যেও তৈরি হয়েছে অর্থনৈতিক সম্ভাবনা। ২৯৮ হেক্টর জমিতে আখের আবাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সিংগাইরে ২৯৮ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ১৮ হেক্টর বেশি।

সবচেয়ে বেশি আবাদ হয়েছে বায়রা ইউনিয়নে। এ ছাড়া বলধারা, জামশা, চারিগ্রাম, তালেবপুর ও সিংগাইর সদর ইউনিয়নেও আখের চাষ হচ্ছে। প্রায় এক হাজার কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ ফসলের সঙ্গে যুক্ত। রংবিলাস, গেন্ডারি, সুইং, বোম্বে, কুশুল, চানপুরা, নলঠেঙ্গা ও সাতাইশসহ বিভিন্ন জাতের আখ উৎপাদিত হচ্ছে। আখ চাষে লাভের সম্ভাবনা বায়রা ইউনিয়নের আলীনগর গ্রামের কৃষক আনোয়ার হোসেন এবার ১০ বিঘা জমিতে আখ চাষ করেছেন।

তিনি জানান, প্রতি বিঘায় উৎপাদন খরচ হয়েছে ৫০ থেকে ৬০ হাজার টাকা। বর্তমানে প্রতি বিঘার আখ বিক্রি হচ্ছে, এক লাখ থেকে এক লাখ ৪০ হাজার টাকায়। ঢাকার বাজারে চাহিদা থাকায় পাইকাররা সরাসরি জমি থেকে আখ কিনে নিয়ে যাচ্ছেন। উৎপাদন খরচ বাড়ায় ন্যায্যমূল্য নিয়ে শঙ্কা বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় অনেক বেশি।

মাঠপর্যায়ে একটি আখ ৩০-৪০ টাকায় বিক্রি হলেও ভোক্তার কাছে পৌঁছাতে দাম দাঁড়াচ্ছে ৭০-১০০ টাকা পর্যন্ত। মধ্যস্বত্বভোগীদের একাধিক স্তরের কারণে কৃষক ও ভোক্তার মধ্যে দামের বড় ব্যবধান তৈরি হচ্ছে। শিবপুর গ্রামের কৃষক মো. ইউনুছ ও কৃষক সদাগর জানান, বাজার ব্যবস্থাপনায় কার্যকর তদারকি এবং উৎপাদন খরচ কমানোর উদ্যোগ প্রয়োজন। অন্যদিকে ব্যবসায়ী মোশারফ হোসেনের দাবি, পরিবহন, শ্রমিক ও ওঠানো-নামানোর খরচ বাদ দিলে ব্যবসায়ীদের লাভ সীমিত থাকে।

আখ ঘিরে বাড়ছে কর্মসংস্থান আখের মৌসুম ঘিরে স্থানীয় শ্রমবাজারেও তৈরি হয়েছে কর্মসংস্থান। শ্রমিক কালাম, আবুল মোল্লা ও রমজান আলী জানান, ১৬ জনের একটি দল প্রতিদিন প্রায় আট হাজার আখ কাটেন ও আঁটি বাঁধেন। প্রতি হাজার আখে মজুরি পাওয়া যায় দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকা। এতে প্রত্যেকের দৈনিক গড় আয় ৮০০-৯০০ টাকা। প্রক্রিয়াজাতকরণ শিল্পে নতুন সম্ভাবনা সিংগাইরের আখ চাষে ভবিষ্যৎ বাজার সম্প্রসারণেরও যথেষ্ট সুযোগ রয়েছে।

আখের রস, গুড় ও অন্যান্য খাদ্যপণ্য তৈরির ক্ষুদ্র শিল্প গড়ে তোলা গেলে উৎপাদিত ফসলের বহুমুখী ব্যবহার সম্ভব হবে। পাশাপাশি উন্নত জাতের সম্প্রসারণ, সহজ শর্তে কৃষিঋণ, আধুনিক চাষাবাদ, সংরক্ষণ ও সরাসরি বাজারজাতকরণের ব্যবস্থা কৃষকের আয় বাড়াতে ভূমিকা রাখতে পারে। কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ কৃষি কর্মকর্তা কিশোর আহমেদ বলেন, অনুকূল আবহাওয়া ও দোআঁশ মাটির কারণে এবার আখের ফলন ভালো হয়েছে।

কৃষকদের আধুনিক পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। উচ্চফলনশীল জাত সম্প্রসারণেও কৃষি বিভাগ কাজ করছে। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত উৎপাদন, কৃষকবান্ধব বাজারব্যবস্থা এবং আখভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা গেলে সিংগাইরের আখ শুধু ৩১ কোটি টাকার বাজারেই সীমাবদ্ধ থাকবে না; হয়ে উঠতে পারে স্থানীয় কৃষি অর্থনীতি ও কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি।

The post মানিকগঞ্জের সিংগাইরে আখের বাম্পার ফলন, ব্যস্ত সময় পার করছেন কৃষকরা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗