Bangladesh · 2026-11-11 08:30:00

বিশ্বজুড়ে জল্পনা, কে হচ্ছেন নতুন জেমস বন্ড

বিশ্বজুড়ে জল্পনা, কে হচ্ছেন নতুন জেমস বন্ড
জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেগের শেষ অভিযান ছিল ২০২১ সালের ‘নো টাইম টু ডাই’। এরপর পাঁচ বছর ধরে চলছে নতুন ০০৭ খোঁজার পালা। কে হবেন পরবর্তী জেমস বন্ড—এ প্রশ্নে হলিউডে যেমন আলোচনা, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের জল্পনা থামছে না। একের পর এক অভিনেতা অডিশন দিয়েছেন। আলোচনায় এসেছেন ক্যালাম টার্নার, জ্যাক লোডেন, জশ ও’কনর, অ্যারন টেলর–জনসন, জ্যাকব এলর্ডি, থিও জেমস, এমনকি হ্যারি স্টাইলসও।
কিন্তু নভেম্বরের শুরুতে এই প্রতিযোগিতায় নতুন মোড়। ভ্যারাইটির ৯ নভেম্বরের প্রতিবেদন বলছে, রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হোল্টও গোপনে স্ক্রিন টেস্ট দিয়েছেন। ফলে এত দিন যাঁদের ঘিরে আলোচনা চলছিল, তাঁদের পাশাপাশি যুক্ত হয়েছেন হলিউডের দুই প্রতিষ্ঠিত তারকা।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ক্যালাম টার্নারকে ঘিরে বাজির বাজারে সবচেয়ে বেশি আগ্রহ। তবে জ্যাক লোডেন ও জশ ও’কনরও আলোচনায় রয়েছেন। নতুন দুই প্রতিযোগীর আগমন পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত কে পাবেন বিশ্বের সবচেয়ে আলোচিত গুপ্তচরের চরিত্র?
জশ ও’কনর। রয়টার্স অডিশনের শেষ পর্যায়ে পাঁচ অভিনেতা
চলতি বছরের মে মাসে নতুন জেমস বন্ড খোঁজার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে অ্যামাজন এমজিএম স্টুডিওস। কাস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয় ‘গেম অব থ্রোনস’ ও ‘দ্য ক্রাউন’–এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করা কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ডকে।
প্রথম দিকে অনেক অভিনেতার নামই আলোচনায় আসে। তবে অক্টোবরের শেষ সপ্তাহে জানা যায়, নির্বাচনের প্রক্রিয়া শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে। ভ্যারাইটি ও দ্য গার্ডিয়ান জানায়, লন্ডনে চূড়ান্ত স্ক্রিন টেস্টের আয়োজন করা হচ্ছে। সম্ভাব্য পরীক্ষায় অভিনয়ের পাশাপাশি শারীরিক সক্ষমতা, অ্যাকশন দৃশ্যে পারদর্শিতা, ক্যামেরার সামনে উপস্থিতি ও সংলাপ বলার দক্ষতা যাচাই করা হচ্ছে।
প্রথম দিকে ক্যালাম টার্নার ও জ্যাক লোডেনের নাম সামনে আসে। পরে জশ ও’কনরকেও সম্ভাব্য চূড়ান্ত তালিকায় রাখা হয়। এরপর নতুন খবর—নিকোলাস হল্ট ও রবার্ট প্যাটিনসনও স্ক্রিন টেস্ট দিয়েছেন। ফলে প্রতিযোগিতায় এখন অন্তত পাঁচজনের নাম আলোচনায়।
তবে মনে রাখতে হবে, এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি অ্যামাজন এমজিএম। অভিনেতাদের অডিশনের খবরও মূলত সংবাদমাধ্যমের সূত্রনির্ভর। স্টুডিও এখনো কাউকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করেনি।
জ্যাক লোডেন। আইএমডিবিক্যালাম টার্নার: আলোচনার কেন্দ্রে কেন
বয়স ৩৬। ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজ, ‘দ্য বয়েজ ইন দ্য বোট’ ও ‘মাস্টার্স অব দ্য এয়ার’–এর মতো কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন টার্নার। দীর্ঘদিন ধরেই তাঁকে সম্ভাব্য বন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ব্রিটিশ এই অভিনেতার নাম নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা হচ্ছে। তাঁর ব্যক্তিত্ব, পর্দায় উপস্থিতি ও অ্যাকশনধর্মী চরিত্রে কাজের অভিজ্ঞতা তাঁকে আলোচনায় রেখেছে। সাবেক জেমস বন্ড পিয়ার্স ব্রসনানও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। টার্নারের সঙ্গে ব্রসনানের পরিচয়ও রয়েছে। দুজন একসঙ্গে অভিনয় করেছিলেন ‘দ্য অনলি লিভিং বয় ইন নিউইয়র্ক’ ছবিতে।
টার্নারের ব্যক্তিগত জীবনও আলোচনায় এসেছে। তিনি পপ তারকা ডুয়া লিপার সঙ্গে সম্পর্কে রয়েছেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মজা করে বলছেন, টার্নার বন্ড হলে ছবির থিম সং গাইতে পারেন ডুয়া লিপা।
জ্যাক লোডেন: গ্যারি ওল্ডম্যানের ইঙ্গিত
বয়স ৩৬। ‘স্লো হর্সেস’ সিরিজে রিভার কার্টরাইট চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন জ্যাক লোডেন। ব্রিটিশ ও স্কটিশ মঞ্চ ও পর্দার কাজেও তাঁর পরিচিতি রয়েছে।
টার্নারের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি জ্যাক লোডেন। অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় গুপ্তচরধর্মী সিরিজ ‘স্লো হর্সেস’–এ তাঁর অভিনয় বন্ড চরিত্রের জন্য তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এনেছে।
জ্যাক লোডেনের সহশিল্পী গ্যারি ওল্ডম্যানের একটি মন্তব্যও জল্পনা বাড়িয়েছে। ওল্ডম্যান এমন ইঙ্গিত দিয়েছিলেন, নতুন বন্ড ইতিমধ্যে বেছে নেওয়া হয়ে থাকতে পারে। অনেকে সেই মন্তব্যকে লোডেনের পক্ষে ইঙ্গিত হিসেবে দেখেছেন। তবে এর কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই।
লোডেনের স্ত্রী অভিনেত্রী সার্শা রোনানও এ নিয়ে কথা বলেছেন। তাঁর বক্তব্য, বিষয়টি তাঁদের সংসারে বিশেষ আলোচনার বিষয় নয়।
রবার্ট প্যাটিনসন। এএফপি জশ ও’কনর: নীরব প্রতিযোগী
‘দ্য ক্রাউন’, ‘চ্যালেঞ্জার্স’ ও ‘গডস ওন কান্ট্রি’ ছবির অভিনেতা। সংযত অভিনয় ও চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলার দক্ষতার জন্য পরিচিত।
‘দ্য ক্রাউন’ সিরিজে প্রিন্স চার্লস চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান জশ ও’কনর। পরে ‘চ্যালেঞ্জার্স’ ছবিতে অভিনয় করে আরও আলোচনায় আসেন। তাঁকে ঘিরে বন্ড হওয়ার গুঞ্জন থাকলেও তিনি এ বিষয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি।
অক্টোবরের শেষ দিকে জশ ও’কনরের নামও চূড়ান্ত স্ক্রিন টেস্টের সম্ভাব্য তালিকায় আসে। বাজির বাজারে ৫ নভেম্বর তাঁর পক্ষে সমর্থন ছিল ১২ শতাংশ। তবে এই হিসাবের পর নতুন দুই অভিনেতার নাম সামনে আসায় প্রতিযোগিতার চিত্র বদলেছে।
রবার্ট প্যাটিনসন: ব্যাটম্যানের পর এবার বন্ড
বয়স ৪০। ‘টোয়াইলাইট’, ‘দ্য ব্যাটম্যান’, ‘টেনেট’ ও ‘দ্য লাইটহাউস’–এর অভিনেতা। ৯ নভেম্বরের ভ্যারাইটি প্রতিবেদনে রবার্ট প্যাটিনসনের নাম আসার পর বন্ড নির্বাচন নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। আগে থেকেই ব্যাটম্যান হিসেবে পরিচিত প্যাটিনসন এবার আরেক জনপ্রিয় কমিক ও চলচ্চিত্রজগতের চরিত্রের বাইরে এসে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে পারেন কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
প্যাটিনসনের পক্ষে একটি বাড়তি বিষয় হলো, ডেনিস ভিলনভের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে। ভিলনভের আসন্ন ‘ডিউন: পার্ট থ্রি’ ছবিতে অভিনয় করছেন প্যাটিনসন। ফলে পরিচালকের সঙ্গে তাঁর কাজের সম্পর্ক নিয়েও আলোচনা হচ্ছে।
নিকোলাস হল্ট: নতুন চমক
বয়স ৩৬। ‘এক্স–ম্যান’ সিরিজ, ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’, ‘দ্য গ্রেট’ ও ‘নসফেরাতু’ ছবিতে অভিনয় করেছেন। ‘সুপারম্যান’ ছবিতে লেক্স লুথরের ভূমিকায়ও দেখা গেছে তাঁকে।
রবার্ট প্যাটিনসনের সঙ্গে নিকোলাস হল্টের নামও চূড়ান্ত স্ক্রিন টেস্টের খবরে এসেছে। তাঁর অভিনয়জীবনে বৈচিত্র্য রয়েছে। একদিকে বড় বাজেটের অ্যাকশন ছবি, অন্যদিকে ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক চরিত্রেও অভিনয় করেছেন।
মজার বিষয়, হল্টের নাম এর আগেও বন্ডের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিল। তবে সাম্প্রতিক স্ক্রিন টেস্টের খবর তাঁকে আবার প্রতিযোগিতার কেন্দ্রে নিয়ে এসেছে। ‘সুপারম্যান’ ছবিতে লেক্স লুথর চরিত্রে অভিনয়ের পর তাঁর পরিচিতি আরও বেড়েছে।
বাদ পড়লেন কারা
বন্ড হওয়ার দৌড়ে শুরুতে যাঁদের নাম বেশ জোরেশোরে শোনা গিয়েছিল, তাঁদের সবাই যে শেষ পর্যন্ত থাকছেন, তা নয়। দ্য গার্ডিয়ান ও ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, জ্যাক ও’কনেল ও জ্যাকব এলর্ডি চূড়ান্ত স্ক্রিন টেস্টে অংশ নিচ্ছেন না বলে খবর এসেছে।
বিশেষ করে এফরিয়া ও সল্টবার্নখ্যাত জ্যাকব এলর্ডিকে নিয়ে বেশ আলোচনা ছিল। তাঁর বয়স, শারীরিক গড়ন ও পর্দায় উপস্থিতি অনেকের কাছে বন্ড চরিত্রের উপযোগী মনে হয়েছিল। কিন্তু অক্টোবরের শেষ দিকে তাঁর নাম চূড়ান্ত পরীক্ষার তালিকায় নেই বলে খবর আসে।
এ ছাড়া অ্যারন টেলর–জনসন, থিও জেমস, জনাথন বেইলি, হ্যারি স্টাইলস ও পল মেসকালসহ আরও অনেকের নাম বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। তবে তাঁদের সবার অডিশন দেওয়ার খবর নিশ্চিত নয়।
ডেনিস ভিলনভ। এএফপি ডেনিস ভিলনভ কী বলছেন
নতুন জেমস বন্ড ছবির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কানাডীয় নির্মাতা ডেনিস ভিলনভ। ‘ডিউন’, ‘ব্লেড রানার ২০৪৯’, ‘অ্যারাইভাল’ ও ‘প্রিজনার্স’ ছবির জন্য পরিচিত এই নির্মাতা নিজেও জেমস বন্ডের ভক্ত। তাই তাঁর হাতে ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় কেমন হবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে।
তবে বন্ড নির্বাচনের বিষয়ে মুখ খুলতে নারাজ ডেনিস ভিলনভ। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের এলএসি এমএ আর্ট + ফিল্ম গালায় এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ভিলনভ। মঞ্চে মজা করে বলেন, ‘আজ রাতেই আমি ঘোষণা করব, কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড!’ এরপরই থেমে গিয়ে বলেন, ‘আর বলছি না। কারণ, অ্যামি প্যাসকালের হার্ট অ্যাটাক হয়ে যাবে।’
ভিলনভের এই রসিকতা অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে হাসির উদ্রেক করলেও বন্ডের নাম প্রকাশ করেননি তিনি। বরং তিনি জানিয়েছেন, নতুন ছবির কাজ নিয়ে তিনি বেশ আনন্দিত।
স্বামী জেমস বন্ড, স্ত্রী হতে চান খলনায়িকাচিত্রনাট্যে ‘পিকি ব্লাইন্ডার্স’–এর নির্মাতা
নতুন বন্ড ছবির চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের স্রষ্টা হিসেবে পরিচিত তিনি। তাঁর লেখায় অপরাধজগৎ, ক্ষমতার লড়াই, রাজনৈতিক ষড়যন্ত্র ও জটিল চরিত্রের উপস্থিতি থাকে। বন্ডের নতুন গল্পেও সেই ধরনের আবহ থাকবে কি না, তা নিয়ে আগ্রহ রয়েছে।
ছবিটি প্রযোজনা করছেন অ্যামি প্যাসকাল ও ডেভিড হেইম্যান। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন তানিয়া ল্যাপয়েন্তে। কাস্টিংয়ের দায়িত্বে নিনা গোল্ড।
এখানে আরেকটি বড় পরিবর্তন এসেছে বন্ড ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও সৃজনশীল নিয়ন্ত্রণে। দীর্ঘদিন ধরে বারবারা ব্রোকলি ও মাইকেল জি উইলসনের পরিবার বন্ড সিরিজের সৃজনশীল সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৫ সালে অ্যামাজন এমজিএম স্টুডিওস ফ্র্যাঞ্চাইজিটির সৃজনশীল নিয়ন্ত্রণ পাওয়ার পর নতুন ছবিটি তাদের অধীনেই তৈরি হচ্ছে। ফলে এবার বন্ডের চরিত্র, গল্প ও ভবিষ্যৎ নিয়ে নতুন ধরনের পরিকল্পনার সুযোগ তৈরি হয়েছে।
কবে জানা যাবে নতুন বন্ডের নাম
নতুন জেমস বন্ড নির্বাচনের বিষয়ে স্টুডিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রযোজক অ্যামি প্যাসকাল চলতি বছরের আগস্টে ডেডলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, বছরের শেষ দিকে নতুন বন্ডের নাম ঘোষণা করা হতে পারে।
অ্যামি প্যাসকাল বলেছিলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁরা খুব সতর্ক ও পদ্ধতিগতভাবে এগোচ্ছেন। ড্যানিয়েল ক্রেগের জায়গায় নতুন কাউকে নেওয়া সহজ নয়। চরিত্রটিকে এমনভাবে ফিরিয়ে আনতে চান, যাতে দর্শকেরা নতুন কিছু পান।
এদিকে ২০২৭ সালে ছবিটির শুটিং শুরুর সম্ভাবনার কথা জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। মুক্তির সম্ভাব্য সময় ২০২৮ সাল। তবে এসব সময়সূচিও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

Source - www.prothomalo.com ↗