Bangladesh · 2026-11-11 09:59:36

আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী আইনজীবীদের দাবি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আদালত চত্বরের পুরোনো বার ভবনসংলগ্ন একটি চায়ের দোকান ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার দুই আইনজীবী হলেন- অ্যাডভোকেট তানভীর মোহাম্মদ তামিম ও অ্যাডভোকেট জুলফিকার জিল্লু।

তাদের অভিযোগ, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ারের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের মারধর ও হেনস্তা করেন।

অ্যাডভোকেট তানভীর মোহাম্মদ তামিম বলেন, একজন মক্কেলের উকিলনামা নিয়ে তিনি আদালত চত্বরে পুরাতন গুনগাছ তলার পাশে একটি দোকানে চা পান করছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে তাকে মারধর শুরু করেন। তারা জানতে চান, তিনি কেন ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। একপর্যায়ে তার গলার টাই ধরে টেনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানকে দেখতে পান তিনি।

তামিমের ভাষ্য, তিনি তাদের কাছে জানতে চান, কোথায় এবং কখন তিনি স্লোগান দিয়েছেন, সেটির প্রমাণ দেখাতে। প্রমাণ দিতে পারলে তাদের দেওয়া শাস্তি মেনে নেবেন বলেও জানান। কিন্তু তার কথা না শুনে তাকে মারধর ও হেনস্তা করা হয়। পরে কয়েকজন আইনজীবীর সহায়তায় তিনি সেখান থেকে পুরোনো বার ভবনের দিকে চলে যান।

অন্য আইনজীবী জুলফিকার জিল্লু বলেন, পুরোনো বার ভবনের পাশে একটি চায়ের দোকানে তারা তিন-চারজন বসে চা পান করছিলেন। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানসহ কয়েকজন যুবক সেখানে এসে তাকে মিছিল করার অভিযোগে দাঁড়াতে বলেন। তিনি মিছিলে অংশ নেওয়ার কথা অস্বীকার করলে পেছন থেকে তাকে চড়-থাপ্পড় ও ঘুষি মারা হয়।

জিল্লু বলেন, এ সময় তার সঙ্গে থাকা একজন ফাহিমুর রহমানকে বলেন, ‘বন্ধু, উনি তো ছিলেন না।’ কিন্তু তাকেও ধাক্কা দেওয়া হয়।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন কক্সবাজারের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জিনিয়া সারমিন রিয়া। তিনি জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘এই লীগজীবীকে সাইজ করতে হবে। লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ।’

এদিকে দুই আইনজীবীর ওপর হামলার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তরুণ আইনজীবী শিপ্ত বড়ুয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির দুই সদস্য অ্যাডভোকেট তামিম ও অ্যাডভোকেট জিল্লুর ওপর আদালত এলাকায় হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সে কারণে আদালত চত্বরে এসে আইনজীবীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও লেখেন, আইনজীবী সমিতি এ ঘটনায় শুধু বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করবে, নাকি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে, সেটি গুরুত্বপূর্ণ। এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়া না হলে আদালত চত্বর ও নিজ নিজ চেম্বারেও আইনজীবীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

এদিকে আইনজীবীদের মারধর ও নাজেহালের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি জেলার সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। এ সংগঠনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থক থাকলেও সবার অভিন্ন পরিচয় তারা আইনজীবী। সমিতিতে কোনো রাজনৈতিক দল কখনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেনি, এখনো করে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১০ নভেম্বর সমিতির হলরুম থেকে আইনজীবীদের তুলে নিয়ে মারধর ও নাজেহাল করা হয়েছে। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সবার মান-সম্মান রক্ষায় বদ্ধপরিকর।

এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে সমিতি। একই সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান। তিনি বলেন, তাদের কেউ মারধর করেননি। নিষিদ্ধ সংগঠনের মিছিল হয়েছে, এমন খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু কাউকে মারধর করা হয়নি। মারধরের কোনো প্রমাণ থাকলে তাকে দেখানোর আহ্বান জানান তিনি।

Source - www.bd24live.com ↗