Bangladesh · 2026-11-11 09:29:23

রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের হামলা, বাবা-মাসহ আহত ৪

রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের হামলা, বাবা-মাসহ আহত ৪
রাজবাড়ীর পাংশা উপজেলায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় হামলাকারীরা সাংবাদিকের বাবা-মা, বোন ও ভাবিকে মারধর করেছে।

পাশাপাশি বাড়ির আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশী আক্তার এবং ভাবি শাহানা খাতুন। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতা আবদার জেলের নেতৃত্বে তার ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জনের একটি দল ওই বাড়িতে হামলা চালায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়ির সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। একই সঙ্গে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ বিষয়ে সাংবাদিক অমিত হাসান রবিন বলেন, ‘স্থানীয় বিএনপির নামধারী সন্ত্রাসী বাহিনী বাড়িতে হামলা চালিয়ে টিভি, ফ্রিজসহ আসবাবপত্র ভাঙচুর করেছে।

তারা আমার বাবা-মা, বোন ও ভাবিকে পিটিয়েছে। বাড়ির বাইরে ফাঁকা গুলিও ছুড়েছে। ’ তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের হামলা, বাবা-মাসহ আহত ৪ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗