Bangladesh · 2026-11-11 11:18:19

বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু

বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মি সিং সিয়াওজুন (৪৩)। গতকাল মঙ্গলবার সকালে খনি থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত সোমবার রাতের শিফটে দায়িত্ব পালন করতে ভূগর্ভে যান সিং সিয়াওজুন। তিনি খনির ভেন্টিলেটর সাইডে কর্মরত ছিলেন। রাতের কোনো এক সময় ১৩০৫ নম্বর কোল ফেইসে (যে নির্দিষ্ট জায়গায় কয়লা কাটা বা উত্তোলনের কাজ চলে) কাজ করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দিবাগত রাত তিনটার পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান জাফর সাদিক জানান, নির্ধারিত স্থানে ওই চীনা শ্রমিককে না পেয়ে সহকর্মীরা বিষয়টি খনির ভূপৃষ্ঠের কন্ট্রোল রুমে জানান। পরে খনির উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে সিল ওয়ালের পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে ওই শ্রমিকের মরদেহ হাসপাতালটির হিমাঘরে রাখা হয়েছে।
মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।
নিহত শ্রমিকের মরদেহের বিষয়ে চীনে অবস্থিত কনসোর্টিয়ামের প্রধান কার্যালয় ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী সময়ে চীনা কনসোর্টিয়ামের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে মরদেহের সৎকারের ব্যবস্থা করা হবে।এদিকে বিসিএমসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত শ্রমিকের মরদেহের বিষয়ে চীনে অবস্থিত কনসোর্টিয়ামের প্রধান কার্যালয় ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী সময়ে চীনা কনসোর্টিয়ামের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে মরদেহের সৎকারের ব্যবস্থা করা হবে।

Source - www.prothomalo.com ↗