যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের কোম্পানি এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংকে নিয়ে সম্প্রতি যে আলোচনা উঠেছে, তা শুধু একজন ব্যক্তির বিষয় নয়; এই আলোচনা একটি মৌলিক প্রশ্ন সামনে এনেছে—একজন শীর্ষ নির্বাহী কোথায় ব্যক্তিজীবনের সীমানা টানবেন, আর কোথা থেকে প্রতিষ্ঠানের স্বার্থ শুরু হবে?
আমি কর্মজীবনে ৩৭ বছর ব্যাংকিং করেছি। সিটি ব্যাংকে কান্ট্রি অফিসার হিসেবে কাজ করতে গিয়ে জানতাম, আমার কাছে এমন তথ্য আছে, যা বাজারে গেলে শেয়ারের দাম এক দিনে ১০ শতাংশ উঠতে-নামতে পারে। সেই তথ্য আমার বন্ধুকে, আত্মীয়কে, এমনকি স্ত্রীকে বলার অধিকার আমার ছিল না। এটাই শীর্ষ নির্বাহীদের পেশাদারত্ব।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির প্রধানের দায়িত্ব আরও বড়। তিনি শুধু একজন কর্মচারী নন, তিনি হাজার হাজার শেয়ারহোল্ডারের সম্পদের ট্রাস্টি বা হেফাজতকারী। তাঁর একটি কথা, একটি ইঙ্গিত বা একটি ডিনারে বলা ‘গোপন’ তথ্যে—ইনসাইডার ট্রেডিং হয়ে যেতে পারে। কারণ, বিশ্ববাজারে একটি সামান্য অসাবধানতা বা অনানুষ্ঠানিক কথা নিমেষেই শতকোটি ডলারের বাজারমূল্য ধসিয়ে দিতে পারে। এখানেই অনেক বড় নেতা ভুল করেন। তাঁরা ভাবেন, ‘আমি আমার একান্ত বন্ধুকে বলেছি, এতে কী হবে?’ কারণ, বন্ধুর বন্ধু আছে। বন্ধুর ব্রোকার আছে। বন্ধুর পোর্টফোলিও আছে। গোপনীয়তা একবার ফাঁস হলে তা আর গোপন থাকে না।
গোপনীয়তা রক্ষায় শীর্ষ নির্বাহীর দায়িত্ব: এনভিডিয়া থেকে শিক্ষা

এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের ঘটনা থেকে আমাদের তিনটি শিক্ষা নেওয়া উচিত।
প্রথম, দেয়াল তুলতে হয়।
ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবনের মধ্যে একটি স্পষ্ট চায়নিজ ওয়াল থাকতে হবে। আপনি বাড়িতে গিয়ে কোম্পানির আগামী প্রান্তিকের ফল, নতুন চিপের লঞ্চ, বড় চুক্তির কথা বলতে পারবেন না। বন্ধুদের আড্ডায় ‘তোমাদের শুধু বলছি, কাউকে বোলো না’ বাক্যটিই সবচেয়ে বিপজ্জনক বাক্য। আমি নিজে একটা নিয়ম মেনে চলতাম—অফিসের ফাইল বাড়িতে নিতাম না, আর বাড়ির কথা অফিসে আনতাম না। এটা পুরোনো দিনের কথা মনে হতে পারে, কিন্তু এটাই গোপনীয়তার প্রথম শর্ত।
দ্বিতীয়, ব্যক্তিগত স্বার্থকে প্রতিষ্ঠান থেকে দূরে রাখা
একজন সিইও যখন নিজের বন্ধুর কোম্পানিকে সুবিধা দেন, নিজের পরিচিতকে নিয়োগ দেন, নিজের শেয়ার বিক্রির সময় জানেন অথচ বাজার জানে না, তখনই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরি হয়। বিশেষ করে ডিজিটাল যুগে মেসেজিং অ্যাপ বা সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল তথ্য অনাকাঙ্ক্ষিতভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি বহুগুণ বেশি। এটা শুধু অনৈতিক নয়, এটা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে। এনভিডিয়ার মতো কোম্পানিতে একটি ভুল তথ্য ফাঁস মানে বিলিয়ন ডলারের ক্ষতি। বিনিয়োগকারীর আস্থা একবার নষ্ট হলে তা ফিরিয়ে আনতে বছরের পর বছর লেগে যায়।
তৃতীয়, উদাহরণ হতে হয়
শীর্ষ নির্বাহী যদি নিজে গোপনীয়তা না মানেন, তাহলে নিচের কর্মীরা মানবে কেন? আমি দেখেছি, সিইও যদি বোর্ডের সিদ্ধান্ত আগেই বন্ধুকে জানিয়ে দেন, তাহলে পুরো প্রতিষ্ঠানে গোপনীয়তার সংস্কৃতি ভেঙে পড়ে।
বাংলাদেশের জন্য শিক্ষা কী?
আমাদের জন্য শিক্ষাটা আরও জরুরি। আমাদের ব্যাংক খাত, তালিকাভুক্ত কোম্পানিতে গোপনীয়তার ধারণাই এখনো তৈরি হয়নি। বোর্ড মিটিং শেষ হওয়ার আগেই শেয়ারের দাম বাড়ে। ঋণ অনুমোদনের খবর আগেই বাজারে ছড়িয়ে পড়ে। পরিচালকেরা নিজের আত্মীয়ের নামে শেয়ার কেনেন। কঠোর নজরদারি, নিরীক্ষা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা ছাড়া কেবল মুখে নীতিকথা বলে আর্থিক খাতের স্বচ্ছতা ফেরানো অসম্ভব। আমরা যদি চাই বিদেশি বিনিয়োগকারী আমাদের বাজারে আস্থা রাখুক, তাহলে শীর্ষ নির্বাহীদের প্রথমে নিজেদের বদলাতে হবে।
আমার পরামর্শ সহজ—তিনটি নিয়ম মানুন: অফিসের গোপন তথ্য বন্ধুকে নয়, বোর্ডে বলুন। ব্যক্তিগত স্বার্থের জন্য প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করবেন না। আর নিজে যা মানবেন না, কর্মীদের তা মানতে বলবেন না।
প্রতিষ্ঠানপ্রধান হওয়া মানে ক্ষমতা নয়, দায়িত্ব। আর সেই দায়িত্বের প্রথম নাম হলো গোপনীয়তা রক্ষা করা।
মামুন রশীদ: ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক

Source - www.prothomalo.com ↗