Bangladesh · 2026-11-11 11:24:20

নরসিংদীতে কোটি টাকার সড়কে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং

নরসিংদীতে কোটি টাকার সড়কে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং
শিল্প সমৃদ্ধ নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ একটি পৌরসভার নাম মাধবদী পৌরসভা। পৌরসভার গরুত্বপূর্ণ সড়ক গরুর হাট ম্যানচেষ্টার চত্বর থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত সড়কটি সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

আধা কিলোমিটারের কিছু বেশি রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় এক কোটি টাকা। তবে এত বিশাল বাজেটের কাজ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি ও হরিলুটের কারণে কাজ শেষ হওয়ার আগেই রাস্তাটির বিভিন্ন অংশ থেকে পাথর উঠে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয় জনগণের ক্ষোভের মুখে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধবদী পৌরসভা কর্তৃপক্ষ।

মাধবদী পৌরসভা প্রকৌশলী বিভাগের তথ্য অনুযায়ী, মাধবদী পৌরসভার গরুর হাট ম্যানচেষ্টার চত্বর থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত ৬৮৫ মিটার সড়ক মেরামতের কাজ পায় সিগমা অ্যাসোসিয়েশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির সংস্কার ব্যয় ধরা হয় ৯৬ লাখ ৪৮ হাজার টাকা। ১৫ মিলি সিলকোডসহ ৫৫ মিলি কার্পেটিং করার কথা রয়েছে। স্থানীয়রা জানায়, সড়কটির সংস্কারকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছে।

পিচ ঢালাইয়ের অন্যতম প্রধান উপাদান বিটুমিন ব্যবহার করা হয়েছে নামমাত্র ও অত্যন্ত কম পরিমাণে। ফলে সড়কের কার্পেটিং এতটাই নড়বড়ে হয়েছে যে, নতুন ঢালাই করা পিচের ওপর জুতো বা পা দিয়ে সামান্য আঁচড় দিলেই উঠে আসছে পাথর। এমনকি যানবাহন চলাচল তো দূরের কথা, কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বিভিন্ন জায়গায় পিচ ও পাথর আলাদা হয়ে সড়কটি খানাখন্দে পরিণত হওয়ার উপক্রম হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরেজমিনে সড়কটি ঘুরে দেখা যায়, সকাল থেকে সড়কের বেশকিছু অংশে ঠিকাদারের লোকজন খুড়াখুড়ি করছেন। তাদের কাছে জানতে চাইলে তারা জানান, সড়কে পিচ ঢালাই দেওয়ার পর কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে, পৌর সভার ইঞ্জিনিয়াররা সে জায়গাগুলো চিহ্নিত করে দিয়ে গেছেন, আমরা সকাল থেকে সে জায়গাগুলো থেকে পিচ ঢালাই উঠিয়ে নিয়ে যাচ্ছি।

সেখানে নতুন করে পিচ ঢালাই দেওয়া হবে। মাধবদী পৌরসভার গরুর হাট ম্যানচেষ্টার চত্বর থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন গড়ে লক্ষাধিক মানুষ যাতায়াত করে। পাশাপাশি শিল্পসমৃদ্ধ মাধবদী এলাকার কয়েকশ মিল ফ্যাক্টরির পণ্য পরিবহনে এ সড়ক ব্যবহার হয়। দীর্ঘদিন সড়কটি সংস্কারের অভাবে এলাকার মানুষসহ শিল্প কারখানার মালিকগণ নানা দুর্ভোগে পড়েছেন।

এতসব দুর্ভোগের পর যখন রাস্তাটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং সংস্কার কাজ শুরু হয় তখনই ঠিকাদারদের হরিলুটের কারণে সড়কটি আবারও আগের রূপ ধারণ করতে পারে। এ ব্যাপারে সড়ক দিয়ে চলাচলকারী শফিকুল আলম নামে একজন পথচারী বলেন, এ সড়কটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন আমরা এ সড়ক দিয়ে যাতায়াত করি। দীর্ঘ দিন সড়কটি খানাখন্দ থাকার কারণে আমরা ভোগান্তিতে ছিলাম।

অত্যন্ত কষ্ট করে এ সড়ক দিয়ে যাতায়াত করেছি। অবশেষ যখন এ সড়কটি সংস্কার করা হচ্ছিল, তখন আমরা আশার আলো দেখছিলাম। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কারণে কাজ শেষ না হতেই সড়কের পিচ ঢালাই বিভিন্ন জায়গায় উঠে যাচ্ছে। আমরা দ্রুত সড়কটি ভালো নির্মাণ সামগ্রী দিয়ে মেরামতের দাবি জানাচ্ছি। সড়কের পাশের দোকানদার ফাহিম মাহমুদ বলেন, সড়কটির কাজ এত নিম্নমানের হয়েছে যে, পা দিয়ে ঘষে ও হাত দিয়েই পিচ তোলে ফেলা যাচ্ছে।

যেভাবে এ সড়কটি সংস্কার করা হয়েছে, এতে দুই মাসও এ সড়কটি টিকবে না। আমাদের করের টাকায় এ সড়কের কাজ করা হচ্ছে, ঠিকাদারের দুর্নীতির কারণে সরকারের কোটি টাকা জলে যাচ্ছে। আমরা এসব ঠিকাদারের বিচার চাই। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান সিগমা অ্যাসোসিয়েশনের ঠিকাদার এটিএম কামরুল ইসলামের সাথে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম ভূইয়া বলেন, সড়কটি নির্মাণকাজ চলাকালে আমরা কিছু ত্রুটি পেয়েছি। সে ত্রুটিগুলো পুনরায় মেরামত করার জন্য ঠিকাদারকে বলা হয়েছিল। তারা কথা না শোনায় আমরা তাদের সোমবার (৯ নভেম্বর) চিঠি দিয়েছি। সড়কের ৬৫০ বর্গফুট জায়গার পুরনো পিচ ঢালাই তুলে সম্পূর্ণ নতুন করে পিচ ঢাইলা করার নিদের্শনা দেওয়া হয়েছে।

সড়ক সংস্কারকাজে অনিয়মের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। সম্পন্ন কজটি শেষ হলে মান যাচাই করে সড়কটি বুঝে নেব। নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকার বলেন, সড়কটি সংস্কার কাজ এখনো শেষ হয়নি, এমনকি একটি বিলও ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। কাজের গুনগত মান ঠিক রাখার জন্য ঠিকাদারকে একটি চিঠিও দেওয়া হয়েছে।

এ ছাড়া আমরা সংস্কারকাজটির মানের ব্যাপারে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।

The post নরসিংদীতে কোটি টাকার সড়কে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗