Bangladesh · 2026-11-11 11:59:00

২০৩৬ সালে যেমন ঢাকা দেখতে চাই

২০৩৬ সালে যেমন ঢাকা দেখতে চাই
পরিবর্তন অস্বাভাবিক নয়, কিন্তু সেই পরিবর্তন যদি যন্ত্রণা ও ভোগান্তি বাড়ায়, তাহলে তা কোনোভাবেই কাঙ্ক্ষিত হওয়ার কথা নয়। অধিকাংশ নাগরিকের জন্য রাজধানী ঢাকাকে একটি যন্ত্রণা আর ভোগান্তির নগরে পরিণত করা হয়েছে। বসবাসের জায়গা, যোগাযোগব্যবস্থা, কর্মস্থল, ব্যবসা–বাণিজ্যের স্থান, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, খেলাধুলা, চিত্তবিনোদন ও পরিবেশ—সবকিছুতেই ভোগান্তি।
অল্পসংখ্যক বিত্তবান শ্রেণির লোকজন ছাড়া সাধারণ মানুষের জন্য এই নগরে বসবাস অত্যন্ত কঠিন। এই কঠিনকে সহজ করাই আমাদের উন্নতির মূলমন্ত্র হওয়া উচিত। একটি সুষম নগর–পরিকল্পনা এবং এর পরিচালনব্যবস্থা প্রবর্তনই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যন্ত্রণা থেকে আনন্দে যাওয়াই আমাদের কর্মকাণ্ডের উদ্দেশ্য হওয়া উচিত। এই উদ্দেশ্য মাথায় রেখেই আমি ২০৩৫ সালের ঢাকা নিয়ে কল্পনা করেছি।
আবাসন
ঢাকায় বসবাসরত সবাই ন্যূনতম মানসম্পন্ন আবাসনে বাস করে। বাসগৃহগুলোতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো–বাতাসের ব্যবস্থা আছে, যার ফলে যন্ত্র ও কৃত্রিম উৎসের ওপর নির্ভরশীলতা অনেক কমে এসেছে। আবাসনগুলোয় ছোট, মাঝারি ও বড় পরিবারের উপযোগী বাসগৃহ ও পর্যাপ্ত উন্মুক্ত স্থান রয়েছে।
আবাসনগুলোতে শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র রয়েছে, ফলে কর্মজীবী স্ত্রী ও স্বামী উভয়ের পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। বয়স্কদের জন্য কেন্দ্র রয়েছে, তাঁরা সেখানে গল্প, আড্ডা, খেলাধুলা, বাগান করা ও অন্যান্য কাজ করতে পারছেন। ঢাকায় উদ্ভাবিত এই আবাসন মডেল পৃথিবীর বিভিন্ন উন্নত, স্বল্পোন্নত ও অনুন্নত দেশে প্রশংসিত হচ্ছে এবং গৃহীত হচ্ছে।
কর্মস্থল
রাজধানীবাসী প্রধানত সরকারি ও বেসরকারি সেবামূলক কর্মে নিয়োজিত। কর্মস্থলগুলো গণপরিবহন রুটের কাছেই অবস্থিত এবং হেঁটেও যাতায়াত করা যায়। রাজধানীতে কোনো দূষণ সৃষ্টিকারী কারখানা নেই। কোনো উৎপাদনমূলক প্রতিষ্ঠান থাকলে সেটা প্রতিবেশীদের কোনো দুর্ভোগের কারণ হয় না—এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর মালিকেরা সম্পূর্ণ সচেতন। কর্মস্থলগুলো মিশ্র ব্যবহার অঞ্চলে অবস্থিত। ফলে দিনের অধিকাংশ সময় এই স্থানগুলোয় জনসমাগম ঘটে।
শিক্ষাপ্রতিষ্ঠান
প্রাক্​–প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবাসিক এলাকাগুলোর কাছাকাছি এবং পায়ে হেঁটে যাওয়ার দূরত্বের মধ্যে অবস্থিত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবাসিক এলাকার নিকটবর্তী। তবে কিছুটা দূরে অবস্থিত এবং সহজভাবে যাতায়াত করার সুবিধা বিদ্যমান। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো নগর এলাকা ও নগরপ্রান্ত এলাকায় অবস্থিত এবং গণপরিবহনে সহজে যাতায়াত করা যায়। সব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, উন্মুক্ত স্থানগুলো কর্তৃপক্ষের নির্ধারিত মান বজায় রেখে নির্মিত এবং ব্যবহারকারীদের নিরাপত্তা গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে।
ঢাকায় আবাসন সমস্যা দূর করতে বহুতল ভবনের কোন বিকল্প নেইস্বাস্থ্যসেবা
প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানগুলো আবাসিক এলাকার কাছাকাছি অবস্থিত এবং সেগুলোতে সহজে যাতায়াত করা সম্ভব। হাসপাতালগুলো নগরের বিভিন্ন এলাকায় একটি থেকে অন্যটি গ্রহণযোগ্য দূরত্ব বজায় রেখে নিরিবিলি কোলাহলমুক্ত স্থানে অবস্থিত। সম্ভাব্য রোগীর সংখ্যা অনুপাতে বহির্বিভাগ ও আবাসিক রোগীর স্থান বরাদ্দকৃত। বিভিন্ন ধরনের পরীক্ষা ও চিকিৎসাসেবা–সংবলিত এই হাসপাতালগুলো স্বয়ংসম্পূর্ণ। ফলে রোগী ও নিকটজনদের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল বা পরীক্ষাকেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়ে না। নগরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই বিষয়গুলো যাচাই–বাছাইয়ের পর হাসপাতাল পরিচালনার অনুমতি প্রদান করে থাকে।
বিনোদন ও সাংস্কৃতিক সুবিধা
এই রাজধানীতে বাসস্থান, কর্মস্থল, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে আরও কিছু প্রয়োজনীয় ভৌত সুবিধা রয়েছে, যেগুলো মানুষের বিকাশের সঙ্গে সম্পর্কিত। এগুলো হচ্ছে খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক সুবিধা। নগরের বিভিন্ন এলাকায় ছোট–বড় সবার খেলার উপযোগী অনেক মাঠ রয়েছে, যেখানে সকালে-বিকেলে নিয়মিত খেলাধুলা হয়। মাঠগুলোর সঙ্গে রয়েছে ব্যায়ামাগার ও ইনডোর গেমসের আয়োজন।
লেকের পাশে, নদীর পাড়ে এবং পার্কে বসে গল্প করার জন্য বসার ব্যবস্থা রয়েছে। সংগীত ও নৃত্যানুষ্ঠান, নাটক, স্থাপত্য, চারু ও কারুকলা প্রদর্শনীর জন্য রয়েছে নগরের বিভিন্ন এলাকায় দৃষ্টিনন্দন স্থাপনা।
যোগাযোগ ও পরিবহন
নগরের যোগাযোগব্যবস্থা মূলত সড়কনির্ভর। নগর কর্তৃপক্ষ সড়ক ও ফুটপাতগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করে; ব্যস্ত সড়কগুলোর রক্ষণাবেক্ষণের কাজ করা হয় মূলত ছুটির দিনগুলোয় এবং তা নগরবাসীকে আগেই জানানো হয়। বিভিন্ন সড়কের সংযোগস্থলগুলো বিশেষভাবে পরিকল্পিত এবং সুব্যবস্থাপনার কারণে যানজটমুক্ত এবং মানুষের জটলামুক্ত। সড়কে চলাচল সুশৃঙ্খল, ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা বিরল। আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করা এবং তার শাস্তি দেওয়া হয় ডিজিটাল প্রযুক্তির সাহায্যে।
এ নগরে সড়ক ছাড়াও রয়েছে নৌপথ, মেট্রো ও কমিউটার রেলপথ এবং এসব ব্যবস্থা একটি অন্যটির সঙ্গে সুন্দরভাবে যুক্ত। এ নগরের যোগাযোগব্যবস্থা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত এবং নগরবাসী এটা নিয়ে তৃপ্ত ও গর্বিত।
অল্পসংখ্যক বিত্তবান শ্রেণির লোকজন ছাড়া সাধারণ মানুষের জন্য এই নগরে বসবাস অত্যন্ত কঠিন। এই কঠিনকে সহজ করাই আমাদের উন্নতির মূলমন্ত্র হওয়া উচিত। একটি সুষম নগর–পরিকল্পনা এবং এর পরিচালনব্যবস্থা প্রবর্তনই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যন্ত্রণা থেকে আনন্দে যাওয়াই আমাদের কর্মকাণ্ডের উদ্দেশ্য হওয়া উচিতনগরের গণপরিবহনব্যবস্থা প্রধানত বিদ্যুৎ–চালিত বাসনির্ভর। টার্মিনালগুলোয় পর্যাপ্ত সৌরবিদ্যুৎ চার্জিং স্টেশন রয়েছে, ফলে খুব সহজেই বাস চার্জ করা সম্ভব হচ্ছে। এই গণপরিবহনব্যবস্থা নারী, পুরুষ, শিশু, কিশোর, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন সবার জন্য সহজলভ্য ও আরামদায়ক। বাসস্টপেজগুলোয় রোদ–বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার যথাযথ ব্যবস্থা রয়েছে; এগুলোয় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সহজে ও নিরাপদে বাসে ওঠা এবং বাস থেকে নামার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া রয়েছে একটি মেট্রোলাইন, আরও কয়েকটি নির্মাণের কাজ চলছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ–চালিত ছোট ছোট যান দ্বারা পরিচালিত প্যারাট্রানজিট ব্যবস্থা রয়েছে, যা গণপরিবহন স্টপেজ ও স্টেশনগুলোর সঙ্গে সহজ যোগাযোগ প্রদান করছে। নগরের চারপাশের নদীগুলোয় রয়েছে গণ–নৌপরিবহনব্যবস্থা এবং এসব নৌপরিবহন ব্যবহারকারীরা সহজেই স্থলভাগের গণপরিবহন স্টেশনগুলোয় যাতায়াত করতে পারে। ফলে এই নগরের যেকোনো স্থান থেকে অন্য যেকোনো স্থানে চলাচল করা অত্যন্ত সহজ ও স্বস্তিদায়ক। এই ব্যাপক ও কার্যকর গণপরিবহন ব্যবস্থা থাকার ফলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার অনেক কমে গেছে।
গণপরিষেবা
বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, সুপেয় পানি সরবরাহ, ঝড়বৃষ্টির পানি নিষ্কাশন, বর্জ্য ও পয়োনিষ্কাশন, কঠিন বর্জ্য অপসারণ, পরিষ্কার–পরিচ্ছন্নতা, পাবলিক টয়লেট, ইন্টারনেট, কেবল টিভি সেবাগুলোর অধিকাংশই নগর প্রশাসন দ্বারা পরিচালিত এবং বাকিগুলো নগর প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছে। এর ফলে সরকারি ও বেসরকারি পরিষেবা প্রতিষ্ঠানগুলোর একটি সমন্বিত ব্যবস্থা গড়ে উঠেছে এবং এর সেবার মান অত্যন্ত উন্নত।
নগরবাসী অত্যন্ত যত্নের সঙ্গে ব্যবহার করে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভবনসংলগ্ন, ঐতিহাসিক স্থাপনা, উপাসনালয় ইত্যাদির আশপাশে পর্যাপ্ত খোলামেলা জায়গা রয়েছে। ইমারতের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং একটি সমন্বিত গ্রিড ব্যবস্থা নগরকে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস দ্বারা বিদ্যুৎ উৎপাদনের প্রথাগত ব্যবস্থা থেকে বহুলাংশে মুক্ত করেছে। নগরে জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে একটি কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে উঠেছে। নগরজুড়ে রয়েছে সিসিটিভি নেটওয়ার্ক এবং তা একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দপ্তর দ্বারা পরিচালিত হয়। ঢাকা এখন অত্যন্ত নিরাপদ নগর হিসেবে বিবেচিত এবং এই নগরে নারী–পুরুষ সবাই নির্ভয়ে চলাফেরা করে।
উন্মুক্ত স্থান
এই রাজধানীতে এখন অনেক উন্মুক্ত স্থান রয়েছে। এসব স্থানে একান্ত প্রয়োজন ছাড়া কোনো ভবন নির্মাণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। খেলার মাঠ ও উদ্যানগুলোর ব্যবস্থাপনা অত্যন্ত সুচারু। নগরবাসী অত্যন্ত যত্নের সঙ্গে ব্যবহার করে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভবনসংলগ্ন, ঐতিহাসিক স্থাপনা, উপাসনালয় ইত্যাদির আশপাশে পর্যাপ্ত খোলামেলা জায়গা রয়েছে।
জলাশয়, খাল ও নদী
গঙ্গা-পদ্মা ও ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় অবস্থিত এই নগরের চারপাশে রয়েছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদ। এ ছাড়া রয়েছে প্রচুর খাল-বিল, পুকুর-দিঘি ও বিভিন্ন জলাশয়। এসব নদী ও জলাশয়কে দূষণমুক্ত করা হয়েছে। এগুলোর পানি স্বচ্ছ এবং জলজ প্রাণবৈচিত্র্যে পরিপূর্ণ। নগর কর্তৃপক্ষ এসব প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে; নগরবাসীও এগুলোর প্রতি যত্নশীল।
প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য
নগর কর্তৃপক্ষ, সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ নগরবাসী নগরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন ও যত্নবান। এ নগরে এখন প্রচুর গাছপালা রয়েছে; গাছে গাছে প্রচুর পাখি, কাঠবিড়ালি ও বিচিত্র প্রজাতির কীটপতঙ্গের দেখা মেলে। বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টি হয়, ফলে বাতাস নির্মল।
দূষণ নিয়ন্ত্রণ
ঢাকা এখন শব্দদূষণ, বায়ুদূষণ ও পানিদূষণ থেকে মুক্ত একটি স্বাস্থ্যকর নগর। এটা সম্ভব হয়েছে নগর কর্তৃপক্ষের কঠোর তদারকি এবং দূষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ফলে। তা ছাড়া সব ধরনের দূষণ প্রতিরোধের বিষয়ে নাগরিক সমাজ, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় তৎপরতাও এই ক্ষেত্রে সহায়ক হয়েছে। এ নগরের রাস্তাঘাটে এখন কালো ধোঁয়া উদ্​গিরণকারী কোনো যানবাহন চলাচল করতে দেখা যায় না, হর্নের শব্দ শোনা যায় না, দিন–রাত উচ্চ ভলিউমে মাইকের শব্দে নগরবাসীর শ্রবণেন্দ্রিয় পীড়ন বন্ধ হয়েছে। এ নগরে এখন কেউ উন্মুক্ত স্থানে আগুন জ্বালিয়ে পরিবেশের ক্ষতি করে না, যেখানে–সেখানে বর্জ্য ফেলে না।
নগর রূপায়ণ, পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনা
নগর রূপায়ণ, পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব এখন ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের পরিবর্তে একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান পালন করে। সেটি হলো বৃহত্তর ঢাকা নগর প্রশাসন। এই প্রশাসনের অধীনে ঢাকা নগরকে কেন্দ্রীয়, উত্তর, পূর্ব, দক্ষিণ ও পশ্চিম—পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। দেশ–বিদেশের সেরা স্থপতি, নগর–পরিকল্পনাবিদ, অঞ্চল–পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও অন্যান্য বিশেষজ্ঞ সমন্বয়ে পরিচালিত হচ্ছে নগর রূপায়ণ ও পরিকল্পনা কার্যক্রম।
নগরের প্রণীত রূপ ও পরিকল্পনা বাস্তবায়নে জড়িত রয়েছে অভিজ্ঞ কর্মকর্তা ও প্রতিষ্ঠান। এসব কর্মকাণ্ডের ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি এবং নগরের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি পরিষদের মাধ্যমে।
* সাইফ উল হক: স্থপতি ও নগর–পরিকল্পনাকারী

Source - www.prothomalo.com ↗