Bangladesh · 2026-11-11 16:09:01

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: দুজন আইসিইউতে, একজন লাইফ সাপোর্টে

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: দুজন আইসিইউতে, একজন লাইফ সাপোর্টে
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায় এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৮ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দুজন আইসিইউতে ও একজন লাইফ সাপোর্টে আছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ৭৬ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে শিক্ষার্থীদের চিকিৎসা পরিস্থিতি জানিয়ে ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।
‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’সুলতান মাহমুদ বলেন, আইসিইউতে মোট চারজন রোগী চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে একজন এখনো ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে। আরেকজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। রোগীদের চিকিৎসায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।
গত সোমবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। ওই ভবনে রাতে প্রায় ২৫০ শিক্ষার্থী অবস্থান করছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় ধোঁয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানায়, শিক্ষার্থীদের শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। ধোঁয়ার কারণে তাঁদের শ্বাসনালি আক্রান্ত হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক চিকিৎসা নিশ্চিতে দুটি আলাদা মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

Source - www.prothomalo.com ↗