কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে ভৈরব থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ৯ নভেম্বর সোমবার রাতে ভৈরব থানার এসআই আবুল হাসান হাওলাদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে স্থানীয় ১৩ জন রাজনৈতিক নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলাটি করেন।
গত ৫ নভেম্বর রাতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি বালুর মাঠ সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাংলোর সামনের মহাসড়কে এই ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ নভেম্বর রাতে ভৈরব থানার এসআই আবুল হাসান হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর রেলগেট এলাকায় জরুরি ডিউটি পালন করছিলেন। এ সময় তিনি জানতে পারেন, কিছু দুষ্কৃতকারী জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে শুকনো কাপড়ের সাহায্যে দুটি টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।
কিশোরগঞ্জে মহাসড়কে নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলায় আসামি দেড় শতাধিক

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আগুনে পোড়া টায়ারের অংশবিশেষ, পোড়া কাঠ এবং ককটেলের বিভিন্ন অংশবিশেষ জব্দ করে। এ সময় পর্যাপ্ত টর্চলাইট ও দাঁড়িয়ে থাকা গাড়ির হেডলাইটের আলোতে আসামিদের শনাক্ত করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার প্রধান আসামি কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক মিয়া (৪৬)।
এ ছাড়াও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা (৪৮), প্রচার সম্পাদক মো. লতিফ মিয়া (৫৫), ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সবুজ মিয়া (৫০), সাধারণ সম্পাদক মজিবুর রহমান (৪৮), ইউপি ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন (২৮), ঢাকা দক্ষিণ ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক জোনাঈদ বোগদাদী (২৫), ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কবির মিয়া (৫২), থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান মিয়া (৩২), সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মুরাদ খা (৪৫), ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী (৪৮), ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শামীম মিয়া (৪৫) ও যুবলীগ নেতা (পূর্ব নয়াহাটি) মোহাম্মদ কুদ্দুস মিয়াকে (৩৮)সহ আসামি করা হয়েছে।
এ ছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সমর্থক, অর্থদাতা ও পরামর্শদাতা হিসেবে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে ভৈরব থানার ওসি মাহবুব রহমান বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, দেশের সার্বভৌমত্বে আঘাত হানা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই নাশকতা চালানো হয়েছে।
এ ঘটনায় ভৈরব থানার এসআই আবুল হাসান হাওলাদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। ঘটনার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
The post কিশোরগঞ্জে মহাসড়কে নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলায় আসামি দেড় শতাধিক appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗