Bangladesh · 2026-11-11 15:47:47

শ্রীমঙ্গলে ছাত্রনেতা হাসিবের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগের নেতার বিরুদ্ধে মামলা

শ্রীমঙ্গলে ছাত্রনেতা হাসিবের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগের নেতার বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবের ওপর হামলার ঘটনায় একজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে প্রধান করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন।

এর মধ্যে মঙ্গলবার দুপুরে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হামলার শিকার হন তিনি। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিবুল ইসলামের ওপর দা নিয়ে হামলার ঘটনা ঘটে।

এসময় তার হাতে আঘাত লাগে বলে জানা গেছে। একটি ভিডিওতে দেখা যায় শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি সড়ক দিয়ে ইজিবাইকে করে হাসিবুল আসছেন। এসময় তার পাশের সিটে বসা একজন নারী ছিলেন। ইজিবাইকের গতিরোধ করে একজনকে বলতে শোনা যায় ‘ইনি হচ্ছে জুলাই জঙ্গি হাসিবুল, সাথে মেয়ে নিয়ে দেশ বিক্রি করে এখানে আমুদ ফর্তি করছে। ’ এরপর হাল্লা চিল্লা শোনা যায়।

এরপর হাসিবুলকে বলতে শোনা যায়, ‘ভাই ভাই প্লিজ ভাই’। পরে হাসিবুল দৌড়ে সেখান থেকে চলে যান।

The post শ্রীমঙ্গলে ছাত্রনেতা হাসিবের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগের নেতার বিরুদ্ধে মামলা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗