Bangladesh · 2026-11-03 13:07:50

জয়পুরহাটের কালাইয়ে কৃষকের ৪০ শতক জমির পাকা ধান কাটার অভিযোগ

জয়পুরহাটের কালাইয়ে কৃষকের ৪০ শতক জমির পাকা ধান কাটার অভিযোগ
জয়পুরহাটের কালাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের ৪০ শতক জমির পাকা আমন ধান কেটে নেওয়া, একই পরিবারের তিনজনকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রাসেলসহ ৯ জনের বিরুদ্ধে।

মারধরে আহত তিনজনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রাসেলসহ ৯ জনের বিরুদ্ধে কালাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক মো. রফিকুল ইসলাম (৬০)। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. রফিকুল ইসলাম।

এদিকে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে প্রতিপক্ষরা কাটা ধান ও নিয়ে যাচ্ছেন বলে জানা যায়। থানায় দেওয়া লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে তার ভোগদখলীয় ৪০ শতক জমির পাকা আমন ধান কেটে জমিতে ফেলে রাখে। এতে তার প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, রফিকুল ইসলাম আইনগত ব্যবস্থা নিতে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে কালাই সদরে যাওয়ার উদ্দেশ্যে কাথাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোভ্যানের জন্য অপেক্ষা করাকালে অভিযুক্তরা লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তাদের পথরোধ করে গালাগাল ও মারধর করেন। স্ত্রী পরিবানু বেগমকে মাটিতে ফেলে টানাহেঁচড়া ও পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।

এ ছাড়া মেয়ে শিল্পী আক্তারের গলায় থাকা প্রায় ৯০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন। ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, আমার জমিতে আমার লাগানো ধান তারা জোড় করে কেটেছে। আমি থানায় অভিযোগ করলে এস আই মিনহাজ ঘটনাস্থলে আসেন। গতকাল সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উভয়পক্ষকে থানায় ডাকা হয়। দু’পক্ষকেই মীমাংসার কথা বলা হয়।

আমি রাজি না হওয়ায় এসআই মিনহাজ বলেন, তাহলে ওসি স্যার আসুক ৩ দিন পর বৃহস্পতিবার বসে বিষয়টি সমাধান করা হবে। আমরা সেই সিদ্ধান্ত মেনে চলে আসি। কিন্তু মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তারা আবারও জোর করে কেটে রাখা ধান নিয়ে যাচ্ছে। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই। অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাসেল বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

আমি বাইরে আছি। আমার আব্বু আছেন, ওনারা ভালো জানেন। আমি এ বিষয়ে কিছুই জানি না। পড়াশোনার জন্য আমি ঢাকায় চলে যাচ্ছি। এ বিষয়ে কালাই থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি জমিজমা সংক্রান্ত বিরোধ হওয়ায় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post জয়পুরহাটের কালাইয়ে কৃষকের ৪০ শতক জমির পাকা ধান কাটার অভিযোগ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗