Bangladesh · 2026-11-11 17:28:48

ইউপি নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নে ১৬ নভেম্বর বৈঠক

ইউপি নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নে ১৬ নভেম্বর বৈঠক
আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাঁচ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়ন ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন ও বিতরণ কার্যক্রম নিয়েও আলোচনা হবে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদনের কিছু প্রসাশনিক ও কারিগরি বিষয়।

ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Source - www.bd24live.com ↗