রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে তাদের সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যেই নিহিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গার একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
ব্রিটিশ সংসদ সদস্য ইমরান হুসাইন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। দলের অন্য সদস্যরা হলেন হাসান উজ্জামান খান, কাউন্সিলর মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ, পার্লামেন্টারি গবেষক এবং আলতাফ হুসাইন, হেড অব ফান্ডরেইজিং, অর্ফানস ইন নিড।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মানের সঙ্গে নিজ দেশে প্রত্যাবাসন এবং এ ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের নাগরিকদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই দীর্ঘস্থায়ী এ সংকটের অবসান ঘটাতে হবে। সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সদস্যরাও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বাড়াতে জোরালো ভূমিকা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Source - www.bd24live.com ↗