কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশার গতিরোধ করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের মামলার প্রধান আসামি রাজা (২৭) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকায় পৌর মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্প (সিপিসি-২)।
বুধবার (১১ নভেম্বর) সকালে এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী (৩০) তালাকপ্রাপ্ত এবং একসময় বিদেশে ছিলেন। গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশায় করে ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। পথে উপজেলার সৈয়দগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে কয়েকজন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করেন। অভিযোগ অনুযায়ী, তারা ওই নারীকে জোরপূর্বক অটোরিকশা থেকে নামিয়ে একটি নির্জন ছাপড়াঘরে নিয়ে যান। সেখানে রাজা, বিজয় (২৩) ও বাবু (২০) পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার লুট করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় ভুক্তভোগী নারী পাকুন্দিয়া থানায় মামলা করেন। এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজাকে গ্রেপ্তার করা হয়।
পাকুন্দিয়ায় নারী ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের প্রধান আসামি রাজা গ্রেপ্তার

The post পাকুন্দিয়ায় নারী ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের প্রধান আসামি রাজা গ্রেপ্তার appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗