Bangladesh · 2026-11-11 19:08:06

মেটার মিউজ এআইয়ে যুক্ত হলো সরাসরি কথা বলার সুবিধা

মেটার মিউজ এআইয়ে যুক্ত হলো সরাসরি কথা বলার সুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী মিউজে সরাসরি কণ্ঠস্বরের মাধ্যমে কথোপকথনের সুবিধা চালু করেছে মেটা। ফলে এখন থেকে ব্যবহারকারীরা বার্তা টাইপ না করেই মিউজের সঙ্গে কথা বলতে পারবেন। শুধু তা-ই নয়, কথোপকথনের সময় মিউজের অ্যানিমেটেড অ্যাভাটার ব্যবহারকারীর কথার সঙ্গে মিল রেখে মুখের অভিব্যক্তি পরিবর্তন করবে ও ঠোঁট নাড়াবে। এ ছাড়া সহকারীর কণ্ঠস্বর পছন্দমতো পরিবর্তনের জন্য শত শত বিকল্পও থাকবে।
মিউজ ভয়েস নামের নতুন এ সুবিধা যুক্তরাষ্ট্রের সব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। মেটার মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও ম্যাক কম্পিউটারে এটি ব্যবহার করা যাবে। গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং।
মিউজের সঙ্গে কথা বলতে হলে কথোপকথনের পর্দার ওপরের ডানদিকে থাকা ফোন আইকনে ট্যাপ করতে হবে। এরপর ব্যবহারকারীরা সরাসরি কথা বললেই মিউজ কণ্ঠস্বরের মাধ্যমে তাৎক্ষণিক উত্তর দেবে। মিউজ কথা বলার সময় ব্যবহারকারীরা চাইলে মাঝপথে তাকে থামিয়ে নতুন প্রশ্ন করতে পারবেন। মেটার দাবি, এতে কথোপকথন আরও স্বাভাবিক হবে। কারণ, ব্যবহারকারীদের প্রতিবার কথা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।
নতুন এ সুবিধা পরিচালিত হচ্ছে মেটার মিউজ রিয়েলটাইম ভয়েস ও মিউজ রিয়েলটাইম অ্যাভাটার প্রযুক্তির মাধ্যমে। কথোপকথনের সময় মিউজের অ্যাভাটারের ঠোঁটের নড়াচড়া ও মুখের অভিব্যক্তি তার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ব্যবহারকারী কথা বলার সময়ও অ্যাভাটারটি মুখভঙ্গির মাধ্যমে প্রতিক্রিয়া জানাবে। ফলে এআই সহকারীর সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা অনেকটা ভিডিও কলের মতো হবে।
মিউজ ভয়েসে কণ্ঠস্বর পরিবর্তনের জন্য শত শত বিকল্প রেখেছে মেটা। ব্যবহারকারীরা অ্যাপে থাকা বিভিন্ন ধরনের কণ্ঠস্বর থেকে পছন্দমতো একটি নির্বাচন করতে পারবেন। এতে মিউজের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেওয়া যাবে।
কথোপকথনের সময় পর্দায় অ্যাভাটার কীভাবে দেখা যাবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। চাইলে অ্যাভাটার ছাড়াই শুধু কণ্ঠস্বরের মাধ্যমে কথা বলা যাবে। আবার চ্যাটের পাশাপাশি অ্যাভাটার দেখানোর সুযোগও রয়েছে। যাঁরা আরও সরাসরি কথোপকথনের অভিজ্ঞতা চান, তাঁরা পুরো পর্দায় অ্যাভাটার দেখার সুবিধা ব্যবহার করতে পারবেন।
মেটা জানিয়েছে, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও ম্যাক প্ল্যাটফর্মে পর্যায়ক্রমে মিউজ ভয়েস চালু করা হচ্ছে। তবে আপাতত শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। অন্যান্য দেশে কবে নাগাদ এটি চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা জানায়নি প্রতিষ্ঠানটি।
সূত্র: নিউজ১৮ ডটকম

Source - www.prothomalo.com ↗