Bangladesh · 2026-11-11 18:11:15

‘এই ধরনের পোস্ট করবি কী জন্য’ বলেই শ্রমিক লীগ কর্মীকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর

‘এই ধরনের পোস্ট করবি কী জন্য’ বলেই শ্রমিক লীগ কর্মীকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’ এ কথা বলতে বলতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তানিয়া আমিন। পরে ওই কর্মী খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন মঙ্গলবার রাতে ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে তানিয়া আমিন অভিযোগ করেন, খোরশেদ আলম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাঁকে হয়রানি করে আসছেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি লন্ড্রি দোকানে দাঁড়িয়ে আছেন খোরশেদ আলম। এ সময় তানিয়া আমিনসহ চার-পাঁচজন সেখানে ঢোকেন। তাঁরা খোরশেদ আলমের দিকে এগিয়ে গেলে তিনিও তানিয়া আমিনের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এনসিপির নেতা-কর্মীরা তাঁকে মারধর শুরু করেন। তাঁদের মধ্যে তানিয়া আমিনও তাঁকে চড়-থাপ্পড় মারেন। এ সময় তিনি বলতে থাকেন, ‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য...? তোর মা-বোন আছে?’ আশপাশের লোকজন তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
ভিডিওতে তানিয়া আমিনকে আরও বলতে শোনা যায়, ‘আমি ওর মেয়ের বয়সী। দেখতে আমার বাবার চেয়ে বড় মনে হয়।...মেয়েদের মনে করে সব সময় দুর্বল।’
ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পর পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে আসে। এক পুলিশ সদস্যকে তানিয়া আমিন বলেন, তিনি গ্যাস-বিদ্যুৎ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে খোরশেদ আলম নোংরাভাবে মন্তব্য করেন।
নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন এনসিপি নেত্রী তানিয়া আমিনভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়ে তানিয়া আমিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের সমন্বয়কারী রিদুয়ান হৃদয় প্রথম আলোকে বলেন, খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা-কর্মী। তিনি বিভিন্ন সময়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও প্রকাশ এবং মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি ও হেয়প্রতিপন্ন করে আসছেন।
রিদুয়ান হৃদয় বলেন, এনসিপির নেতা-কর্মীরা খোরশেদ আলমের দোকানে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। একপর্যায়ে তাঁকে চড়-থাপ্পড় মারা হয়। পরে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়। পুলিশ তাঁর মুঠোফোন পরীক্ষা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের প্রমাণ পেয়েছে।
নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। তিনি মিছিল করার জন্য দলের লোকজনকে সংগঠিত করছিলেন। তাঁর মুঠোফোনে এর প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া এনসিপির নেতা-কর্মী, বিশেষ করে নারীনেত্রীদের নিয়ে তিনি ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছেন। এর প্রতিবাদে তাঁরা দোকানে জড়ো হন। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকায় পুলিশ তাঁকে অনেক দিন ধরে খুঁজছিল। খোরশেদ আলমকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি ওসি।

Source - www.prothomalo.com ↗