Bangladesh · 2026-11-11 18:44:11

তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ হয়েছে: কৃষিমন্ত্রী

তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ হয়েছে: কৃষিমন্ত্রী
উপজেলা ও জেলা পর্যায়ের দুটি কমিটির যাচাই-বাছাই এবং সুপারিশের ভিত্তিতেই সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)। বিজ্ঞপ্তির মাধ্যমে ডিলার নিয়োগের আবেদন আহ্বান করা হয়। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও শর্তও নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কমিটিকে নির্ধারিত নীতিমালা শতভাগ অনুসরণ করে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়। পরে উপজেলা কমিটির সুপারিশ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।

জেলা পর্যায়ের যাচাই-বাছাই প্রক্রিয়া তুলে ধরে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। এ কমিটি উপজেলা থেকে পাঠানো প্রস্তাবগুলো পুনরায় যাচাই-বাছাই করে। পরে যোগ্যতার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দক্রমে তিনজনের নাম সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই সুপারিশে কমিটির সব সদস্যের স্বাক্ষর ছিল।

কৃষিমন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয় তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে। নিয়োগের প্রস্তাব কোনো একজন ব্যক্তির স্বাক্ষরে আসেনি; বরং সংশ্লিষ্ট কমিটির সব সদস্যের সম্মতিতে স্বাক্ষরিত সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Source - www.bd24live.com ↗