জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, পোড়াতেল ব্যবহার, আয়োডিনবিহীন খোলা লবণ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) পরিচালিত অভিযানে হিচমী বাজারের হিলি বাইপাস রোডে অবস্থিত ‘নিউ ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ এবং একই বাজারের ‘দুই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা যায়, নিউ ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, পোড়াতেল এবং আয়োডিন বিহীন খোলা লবণ ব্যবহার করা হচ্ছে । এছাড়া দই-মিষ্টির মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। খাবার মোড়কজাত করতে খবরের কাগজ ব্যবহার এবং প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা না রাখার বিষয়টিও নজরে আসে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জয়পুরহাটে দুই হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা

অন্যদিকে, একই এলাকার দুই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেও একই ধরনের অনিয়ম পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৩ ধারায় এই প্রতিষ্ঠানটিকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং খাদ্যপণ্যের মান ও পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Source - www.bd24live.com ↗