Bangladesh · 2026-11-11 18:18:25

সরিষাবাড়ীতে মাদকের ভয়াল থাবায় উদ্বিগ্ন এলাকাবাসীর মানববন্ধন

সরিষাবাড়ীতে মাদকের ভয়াল থাবায় উদ্বিগ্ন এলাকাবাসীর মানববন্ধন
জামালপুরের সরিষাবাড়ীতে মাদকের ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করেছে। পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে মাদকের বিস্তার ভয়াবহ রূপ নেয়ায় উদ্বিগ্ন এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। স্থানীয় সংসদ সদস্য মসাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স গ্রহণ করায় পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও এলাকায় মাদক সেবন ও বিক্রি বিস্তার রোধ ঠেকাতে পারছেনা বলে জানাগেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, অবাধে মাদক বিক্রী ও সেবনে অতিষ্ঠহয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পৌরসভার বাউসী পঞ্চপীর বাজারে সর্বস্তরের জনগণ মানববন্ধন ও বিক্ষোভ করে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমানএর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি আব্দুল বারী মিলেটারি, মানবকল্যাণ বিষয়ক সম্পাদক সুজাউদ্দৌলা, জলবায়ু বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর সুরুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুজন সর্দার এবং সাংগঠনিক সম্পাদক রিপন ফকির প্রমূখ। এ ছাড়াও কামরাবাদ, মহাদান ও পোগলদিঘা ইউনিয়নে বিক্ষোভ করেছে স্থানীয়রা। তাদের দাবী, এলাকায় মাদকের বিস্তার রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদক একটি পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে আরও তৎপর ও কঠোর হতে হবে। বন্ধ করতে হবে মাদকের আস্তানা। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সঙ্গে সামাজিক সম্পর্ক না রাখার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, মাদক নির্মূলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় স্থানীয় জনগণ ও সচেতন মহলের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, মাদক সেবনের ভিডিও ভাইরালের পর সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার খসরুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে পৌর বিএনপি। গত মঙ্গলবার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবির তালুকদার শাহীন ও সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম পিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে জবাব দিতে এ নোটিশ দেওয়া হয়।

Source - www.bd24live.com ↗