Bangladesh · 2026-11-11 18:17:50

নেত্রকোণায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রী ধর্ষণের মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি তাঁর ভাই মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর রুবেল জানান, মাত্র ৬০ দিনের মধ্যে ১০ জন সাক্ষীর সাক্ষ্য, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ প্রয়োজনীয় বিচারিক কার্যক্রম শেষ করে আদালত এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৮ এপ্রিল চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক সাগরের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে নবজাতক কন্যাশিশুর ডিএনএ পরীক্ষায় সাগরের সঙ্গে মিল পাওয়া যায়। গত ২৭ আগস্ট পুলিশ সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বিচারিক কার্যক্রম শেষে আদালত প্রধান আসামি সাগরকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অপর আসামি মামুন মিয়াকে খালাস দেন।

Source - www.bd24live.com ↗